সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে ছাগল রাখার ছাপরা ঘরে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছে সাতটি ছাগল। আগুনে ছাপরা ঘরটি পুরোপুরি এবং রান্নাঘরের একাংশ পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে পরিবারটি গৃহপালিত পশু ও ঘর হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।
এ ঘটনা নিয়ে সোমবার ‘ঘুম ভাঙেনি গেরস্তের, একে একে আগুনে পুড়ল সাতটি ছাগল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে ১০ হাজার টাকার একটি চেক, ২০ কেজি চাল, ২ কেজি দেশি মশুর ডাল, ২ কেজি আয়োডিনযুক্ত লবণ, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম মরিচের গুঁড়া, ৪০০ গ্রাম হলুদের গুঁড়া, ২০০ গ্রাম ধনিয়া গুঁড়া পরিবারটির হাতে তুলে দেন চরভদ্রাসনের ইউএনও।
সহায়তার নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণের সময় ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সব সময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।









