সিল্কসিটিনিউজ ডেস্ক:
দূরবর্তী কর্মপরিবেশ এখন আর ২০২০ সালের মতো কোনো জরুরি সাময়িক সমাধান নয়। ২০২৪ সালের শেষ ভাগ এবং ২০২৫ সালের শুরুর দিকে ৪০টি দেশের ১৬ হাজারেরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতকদের ওপর পরিচালিত সর্বশেষ ‘গ্লোবাল সার্ভে অব ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্টসে’ দেখা গেছে, বাড়ি থেকে কাজ করার গড় সময় সপ্তাহে ১.২৭ দিনে স্থির হয়েছে, যা ২০২২ সালে ছিল ১.৬ দিন এবং ২০২৩ সালে ছিল ১.৩৩ দিন। যুক্তরাষ্ট্রে, পিউয়ের গবেষণায় দেখা গেছে, যেসব চাকরি বাড়ি থেকে করা যায়, সেসব চাকরির ৭৫ শতাংশ কর্মী এরই মধ্যে অন্তত কিছু সময়ের জন্য দূর থেকে কাজ করছেন এবং ৪৬ শতাংশ বলেছেন, এই সুযোগটি চলে গেলে তাঁরা চাকরিটি ধরে রাখতে পারবেন না। এই সম্মিলিত চিত্রটি আমাদের বলে দেয়, দূরবর্তী কর্মপরিবেশ এখন আর কোনো জরুরি সুবিধা নয়।
এটি এখন শ্রম প্রত্যাশা, কর্মী ধরে রাখা এবং আধুনিক কম্পানিগুলো যেভাবে গঠিত, তার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ দূরবর্তী কর্মপদ্ধতি এখন শ্রমবাজারের একটি অংশ, কোনো সাময়িক পরীক্ষা নয়।
ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস টেলিওয়ার্ককে জরিপের রেফারেন্স সপ্তাহে পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে বসে কাজ করা হিসেবে সংজ্ঞায়িত করে, অন্যদিকে সেন্সাস ব্যুরো বাড়ি থেকে কাজ করাকে বাড়িকে কর্মক্ষেত্র হিসেবে ব্যবহার করা হিসেবে বর্ণনা করে। সেই পরিমাপ অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ১৩.৮ শতাংশ কর্মী সাধারণত বাড়ি থেকে কাজ করতেন, যা ২০১৯ সালে রেকর্ড করা ৫.৭ শতাংশের দ্বিগুণেরও বেশি।

কর্মী সংখ্যায়ও ব্যাপক পরিবর্তন এসেছে, যা ২০১৯ সালের প্রায় ৯০ লাখ গৃহভিত্তিক কর্মী থেকে বেড়ে ২০২৩ সালে দুই কোটি ২০ লাখেরও বেশি হয়েছে। এটি কোনো অস্থায়ী বৃদ্ধি নয়। জ্ঞানভিত্তিক কাজের একটি বড় অংশ এখন যেভাবে সংগঠিত, এটি তার একটি কাঠামোগত পরিবর্তন।
দূর থেকে কাজ করার প্রবণতা সব জায়গায় একই গতিতে ছড়াচ্ছে না এবং এ বিষয়টি বেশির ভাগ সাধারণ বিতর্কে যতটা স্বীকার করা হয়, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
স্ট্যানফোর্ডের ২০২৫ সালের সমীক্ষায় দেখা গেছে, ইংরেজিভাষী দেশগুলোতে সপ্তাহে গড়ে প্রায় দেড় থেকে দুই দিন বাড়ি থেকে কাজ করা হয়, ইউরোপীয় দেশগুলোতে এই হার কিছুটা কম, প্রায় দেড় থেকে এক দিন; লাতিন আমেরিকা ও আফ্রিকায় প্রায় এক দিন এবং এশিয়ায় এই হার সর্বনিম্ন দেড় থেকে এক দিন। এর বাস্তব শিক্ষাটি সহজ: দূর থেকে কাজ করার বিষয়টি এখন যাতায়াতের ধরন, ব্যবস্থাপনার সংস্কৃতি এবং কাজের ধরনের ওপর ভিত্তি করে নির্ধারিত একটি পরিকল্পিত সিদ্ধান্ত; এটি এমন কোনো সার্বজনীন ব্যবস্থা নয়, যা প্রতিটি অঞ্চলে একইভাবে কাজ করে।
বাজার মূলত স্বীকার করে নিয়েছে, সব দলের জন্য একটি সমাধান উপযুক্ত নয়। কম্পানিগুলো যখন অফিসকেন্দ্রিক মডেল থেকে সরে আসছে, তখন আইটি বিভাগগুলোও আরো সুরক্ষিত ও স্থিতিশীল রিমোট অ্যাক্সেস প্রদানের মাধ্যমে নিজেদের মানিয়ে নিচ্ছে। সূত্র : মডার্ন ডিপ্লোমেসি










