সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি ঘোষণা

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সম্প্রতি কাবুলে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে এই বিরতি ২৩শে মার্চ মধ্যরাত পর্যন্ত মোট ৫ দিন কার্যকর থাকবে।

এই যুদ্ধবিরতির ঘোষণাটি আসার মাত্র দুই দিন আগে কাবুলের ক্যাম্প ফিনিক্স নামক একটি সাবেক ন্যাটো ঘাঁটিতে (যা বর্তমানে মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত) ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান।

এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ তুঙ্গে পৌঁছায়। তালেবান সরকারের দাবি, সোমবার (১৬ মার্চ) রাতের ওই হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন। তাদের মতে, এটি একটি বেসামরিক পুনর্বাসন কেন্দ্র ছিল।
জাতিসংঘের তথ্যমতে, নিহতের সংখ্যা ১৪৩ ও আহত ১১৯ জন।

ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো বেসামরিক কেন্দ্রে নয়, বরং সন্ত্রাসীদের গোলাবারুদ, ড্রোন ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পৃথক বার্তায় এই বিরতির কথা নিশ্চিত করেছেন। পাকিস্তান জানিয়েছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা বা ড্রোন হামলা হয়, তবে তারা আবারও অভিযান শুরু করবে। একইভাবে তালেবানও জানিয়েছে, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।
একসময় মিত্র থাকলেও, গত এক বছর ধরে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবানরা তাদের দেশে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। চীনসহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও গত মাসে পাকিস্তান সরাসরি আফগান ভূখণ্ডে হামলা চালানোয় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

সূত্র : রয়টার্স