সিল্কসিটিনিউজ ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) তীব্র সংকট দেখা দিয়েছে। বাসাবাড়িতে রান্নার গ্যাস কিনতে সিলিন্ডারের দোকানে দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন। তবু ঠিক সময়ে মিলছে না রান্নার গ্যাস। আমদানি ব্যাহত হওয়ায় গ্যাস সরবরাহে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার।
ফলে দেশজুড়ে অনেক রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনে বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতিতে গ্যাসের ‘সমতাভিত্তিক বণ্টন’ নিশ্চিত করতে নতুন নীতি গ্রহণ করা হয়েছে।

ভারত বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এবং এলএনজি আমদানিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্রেতা।
একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) আমদানিকারক ভারত। আমদানি করা এলপিজির তিন ভাগের দুই অংশ রান্নার গ্যাস হিসেবে ব্যবহার হয়। আর এই এলপিজির ৮৫ থেকে ৯০ শতাংশ সরবরাহ আসে মধ্যপ্রাচ্য থেকে।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বাধাগ্রস্ত হয়েছে জ্বালানি সরবরাহ।
এই অজুহাতে ভারতে এলপিজির দাম বাড়িয়ে দিয়েছে অনেক কম্পানি। শুধু তাই নয় রাষ্ট্রীয় সংস্থাগুলোও দাম বৃদ্ধির নির্দেশ দিয়েছে। তবুও সঠিক সময়ে মিলছে না রান্নার গ্যাস।
দিল্লিতে এক সপ্তাহের ব্যবধানে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে সাত শতাংশ। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করে সাধারণ মানুষ।
এমন অবস্থায় ভারতের জ্বালানি বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, রান্নার কাজে ব্যবহৃত এলপিজির কোনো ঘাটতি নেই দেশে। একাধিক উৎস ও রুট দিয়ে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে।
গ্রাহকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সরকার জরুরি ব্যবস্থা নিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে বিভিন্ন গ্যাস কোম্পানি। রান্নার গ্যাসের সংকটের আশঙ্কায় বিতরণ কেন্দ্রের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। একই চিত্র দেখা গেছে রাজধানী নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে।
সরকারি নির্দেশনায় দেশটির সার কারখানা ও চা শিল্পের মতো কিছু খাত তাদের প্রয়োজনীয় গ্যাসের মাত্র ৭০ থেকে ৮০ শতাংশ পাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ঘাটতি পূরণে পেট্রোকেমিক্যাল কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ আংশিক বা পুরোপুরি কমানো হতে পারে।
ইতোমধ্যে ভারতের কয়েকটি সিরামিক ও টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে।
অন্যদিকে রেস্তোরাঁ ও হোটেল খাতও বড় ধরনের সংকটের আশঙ্কা করছে। ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) জানিয়েছে, নতুন সরকারি নির্দেশনার পর দেশজুড়ে এলপিজি সরবরাহকারীরা রেস্তোরাঁয় গ্যাস সরবরাহ বন্ধ করার ইঙ্গিত দিয়েছে। কিন্তু রেস্তোরাঁ শিল্প মূলত বাণিজ্যিক এলপিজির ওপর নির্ভরশীল। এতে কোনো বিঘ্ন ঘটলে অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার মতো বিপর্যয় তৈরি হতে পারে।
দক্ষিণ ভারতের প্রযুক্তিনগর বেঙ্গালুরুর একটি হোটেল শিল্প সংগঠনের প্রধান পি সি রাও জানান, পরিস্থিতি ইতোমধ্যে সংকটজনক। অনেক ছোট রেস্তোরাঁয় মাত্র এক থেকে দুই দিনের গ্যাস মজুত রয়েছে, আর বড় প্রতিষ্ঠানগুলোর কাছে সর্বোচ্চ প্রায় ১০ দিনের সরবরাহ আছে। তাই অনেক প্রতিষ্ঠান এখন পরিস্থিতি বিবেচনায় তাদের মেন্যু পরিবর্তন বা সীমিত করার পরিকল্পনা করছে।










