সদ্য প্রকাশিত
কৃষি

তিন ভাইয়ের তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

নিউজ ডেস্ক১ মার্চ ২০২৬২ মিনিট পড়া
তিন ভাইয়ের তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জমিতে চাষ করা হতো মূলত ধান। একপর্যায়ে তিন ভাই ভাবলেন, তরমুজ চাষ করে দেখলে কেমন হয়। পরামর্শ করলেন একসঙ্গে। পূর্ব অভিজ্ঞতা নেই।

তার পরও শুরু করলেন আবাদ। প্রয়োগ করলেন আধুনিক কৃষিপ্রযুক্তি। প্রথমবারই ফলন পেলেন প্রত্যাশার চেয়ে বেশি।
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া কালিকাবাড়ি গ্রামের এই তিন ভাই হলেন রাসেল, শাহাবুদ্দিন ও রিয়াদ।

যৌথ উদ্যোগে চাষ করা তরমুজের ভরা ফলন হয়েছে তাদের। চলতি মৌসুমে এক একর জমিতে তরমুজ চাষ করেছিলেন তারা।
তিন ভাইয়ের পরিবার সূত্র জানায়, শুরুতে কিছুটা ঝুঁকি থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় ফলন হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি।

এদিকে, ক্ষেতজুড়ে তরমুজের সমারোহ দেখতে প্রতিদিন ভিড় করছে স্থানীয়রা।

তিন ভাইয়ের তরমুজ চাষ ওই এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে তাদের কাছে।
তরমুজ চাষি রাসেল বলেন, ‘প্রতি একরে গড়ে ২০০ থেকে ৩০০ মণ তরমুজ ফলনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পাইকাররা ক্ষেত থেকে তরমুজ কিনতে এলেও আমরা বিক্রি করিনি। বাজারে ভালো দাম পেলে, খরচ বাদ দিয়ে উল্লেখযোগ্য লাভের আশা করছি আমরা।’

তিন ভাইয়ের ছোট ভাই চাষি রিয়াদ বলেন, ‘পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে কৃষিতে সফলতা সম্ভব।

আমরা আগামী বছর আরো বেশি জমিতে তরমুজ আবাদ করতে চাই।’
স্থানীয় কৃষি বিভাগ বলছে, আধুনিক পদ্ধতি ও সময়মতো পরিচর্যার কারণেই এ সফলতা এসেছে।

বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘উপকূলীয় অঞ্চলের মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। সঠিক সময় বীজ বপন, সেচ ব্যবস্থাপনা ও জৈব সার ব্যবহারের ফলে ফলন ভালো হয়েছে। কৃষকদের এমন উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে আশা করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হেসেন বলেন, বেতাগী উপজেলার চাহিদা মিটিয়ে এখানে উৎপাদিত তরমুজ অন্য উপজেলায় বিক্রি করা যাবে। তরমুজ চাষে চাষিরা লাভবান হবে।