সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরাকে বিমান হামলায় অন্তত দুজন হাশিদ শাবি সদস্য নিহত হয়েছেন। রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর এক মুখপাত্র এ খবর জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, ‘হামলাটি জুরফ আল-সাখার এলাকায় সংঘটিত হয়।

তবে কে বা কারা এই বিমান হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।’
হাশিদ শাবি আরবি ভাষায় ‘হাশদ আল-শাবি’ নামে পরিচিত। এরা মূলত শিয়া অধ্যুষিত বিভিন্ন আধাসামরিক গোষ্ঠীর একটি ছাতা সংগঠন। আন্তর্জাতিকভাবে এটি ‘পপুলার মবিলাইজেশন ফোর্স’ নামেও পরিচিত।
সংগঠনটির অন্তর্ভুক্ত বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
সূত্র : রয়টার্স।










