সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানের ওপর ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে দেশটির নিরাপত্তা ও নেতৃত্ব কাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
আজ শনিবার ইরানের রাজধানী তেহরানে যেসব স্থানে হামলা হয়েছে, তার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থানও ছিল।

ইরানের বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য মতে, দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্যে রাজধানী তেহরানের একাধিক এলাকাও রয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের উত্তরের শেমিরান এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদের কাছে এবং খামেনির কার্যালয়ের আশপাশে সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে শনিবার। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তেহরানে খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায়ও হামলা হয়েছে।
হামলার পর খামেনির অবস্থান নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলার সময় খামেনি তেহরানে ছিলেন না। তাকে নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে শনিবার হামলা শুরুর পর দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানের জনগণের প্রতি নিজেদের সরকার উৎখাতের আহ্বান জানান।
তাঁর ভাষায়, ‘আমরা কাজ শেষ করলে আপনারাই সরকার দখল করুন। এটি সম্ভবত বহু প্রজন্মের মধ্যে আপনাদের একমাত্র সুযোগ।’










