সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। এর মাধ্যমে শতাধিক সামারিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে আছে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা।
ইসরায়েলি সেনাবাহিনী আরো জানায়, ইসরায়েলি বিমানবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করছে।

এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তেহরান। এরপর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে।
ইরানে হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে।
ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে।
সূত্র : আলজাজিরা।










