সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি ৬ মাস বয়সী বানর, যার নাম পাঞ্চ (জাপানি নাম : পঞ্চি-কুন)। জন্মের পর তার মা তাকে ছেড়ে চলে যায়। একাকী এই ছোট্ট বানরটির সঙ্গী বলতে এখন শুধু কাপড়ের তৈরি একটি ওরাংওটাং।
মা-হারা পাঞ্চ সারাক্ষণ তার এই ছোট্ট পুতুলটিকে জড়িয়ে ধরে থাকে।

পরম মমতায় সেটিকে পিঠে বয়ে বেড়ায়। এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে।
সাধারণত একা হয়ে যাওয়া বানরদের দলের অন্য সদস্যরা সহজে মেনে নেয় না। পাঞ্চকেও শুরুতে বেশ কষ্ট করতে হয়েছে।
অনেক সময় বড় বানরদের ধমক বা আক্রমণের শিকার হতে হয়েছে তাকে। তবে সে হার মানেনি, বুকে আগলে ধরে রেখেছিল তার ওই খেলনা বন্ধুকে।
চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, পাঞ্চ ধীরে ধীরে দলের নিয়ম শিখছে। সম্প্রতি কিছু ভিডিওতে দেখা গেছে, সে অন্য বানরদের সাথে বন্ধুত্ব করতে শুরু করেছে এবং অন্য একটি বানর তাকে আদর করে দিচ্ছে।
পাঞ্চের জনপ্রিয়তায় সাড়া দিয়ে বিশ্বখ্যাত ব্র্যান্ড আইকিয়া (IKEA) তাদের সেই ওরাংওটাং পুতুলটির ছবি শেয়ার করে লিখেছে, আমরা সবাই এখন পাঞ্চের পরিবার। পাঞ্চকে একনজর দেখতে এখন ওই চিড়িয়াখানায় মানুষের দীর্ঘ লাইন পড়ছে।
সূত্র : টুডে










