সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারত সরকার রবিবার জানিয়েছে, দেশটিতে নির্মিত ডেটা সেন্টার ব্যবহার করে বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা দেওয়া বিদেশি কম্পানিগুলোকে আগামী ২০ বছরেরও বেশি সময় কোনো কর দিতে হবে না। সম্ভাব্য করঝুঁকি নিয়ে খাতটিতে যে উদ্বেগ ছিল, তা দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বিপুলসংখ্যক ডেটা সেন্টার গড়ে উঠেছে। তবে আইনজীবীরা রয়টার্সকে জানিয়েছেন, বিদেশি কম্পানিগুলোর আশঙ্কা ছিল—ভবিষ্যতে দিল্লি তাদের বৈশ্বিক আয়ের ওপর কর আরোপ করতে পারে, যদি তারা ভারতে অবস্থিত ডেটা সেন্টার ব্যবহার করে।

এই উদ্বেগের অবসান ঘটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায়। তিনি বলেন, ভারত ‘ভারত থেকে ডেটা সেন্টার সেবা ব্যবহার করে বিশ্বব্যাপী গ্রাহকদের ক্লাউড সেবা দেওয়া যেকোনো বিদেশি কম্পানিকে ২০৪৭ সাল পর্যন্ত করছুটি দেবে।’
কর পরামর্শক প্রতিষ্ঠান ধ্রুভা অ্যাডভাইজরসের অংশীদার বৈভব গুপ্ত বলেন, ‘এই ঘোষণা বিদেশি কম্পানিগুলোর জন্য স্পষ্টতা এনেছে এবং ২০৪৭ সাল পর্যন্ত ভারতে তাদের কর-অবস্থানে স্থিতিশীলতা দিয়েছে।’ তিনি আরো বলেন, ভারতে ডেটা সেন্টার ব্যবহারের কারণে বৈশ্বিক আয়ের ওপর সম্ভাব্য কর আরোপ নিয়ে বিদেশি কম্পানিগুলোকে আর দুশ্চিন্তা করতে হবে না।
গত অক্টোবর গুগল জানিয়েছে, অন্ধ্র প্রদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার প্রকল্পে তারা ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর পাশাপাশি মাইক্রোসফট ও অ্যামাজন ইতোমধ্যে ভারতে ডেটা সেন্টারে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। দেশীয় বড় শিল্পগোষ্ঠী আদানি ও রিলায়েন্সও এই খাতে বিনিয়োগ করছে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, ‘ডেটা সেন্টার ভারতের একটি বড় শক্তিতে পরিণত হবে, যার মাধ্যমে আমরা বিশ্বকে নতুন সেবা দিতে পারব।










