সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারতে আবারও আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস। গত এক মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত দু’জন রোগী শনাক্ত হওয়ার পর এশিয়াজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
উচ্চ সংক্রামক ক্ষমতা ও মৃত্যুহারের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসকে সম্ভাব্য মহামারির ঝুঁকিপূর্ণ রোগ হিসেবে বিবেচনা করে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের পর থেকে পশ্চিমবঙ্গে শনাক্ত দুইজনের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে পরীক্ষা করা হলেও নতুন কোনো সংক্রমণ ধরা পড়েনি। তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে এশিয়ার একাধিক দেশ বিমানবন্দর ও সীমান্তে নজরদারি জোরদার করেছে।
নিপাহ ভাইরাস মূলত শূকর ও বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। বিশেষ করে বাদুড়ের লালা, মল বা দূষিত খাবারের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে।
আক্রান্ত প্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শেও সংক্রমণের ঝুঁকি থাকে।
এই ভাইরাস শরীরে প্রবেশ করে ৪ থেকে ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। প্রাথমিক উপসর্গ হিসেবে অতিরিক্ত জ্বর, বমি ভাব, বমি এবং শ্বাসকষ্ট দেখা দেয়। পরবর্তী পর্যায়ে নিউমোনিয়া দেখা দিতে পারে এবং গুরুতর ক্ষেত্রে এটি মস্তিষ্কে মারাত্মক ফোলা সৃষ্টি করে।
এতে তন্দ্রাচ্ছন্নতা, খিঁচুনি ও স্নায়বিক জটিলতা দেখা দেয়।
নিপাহ ভাইরাস আক্রান্ত মানুষের মাধ্যমেও ছড়াতে পারে। এখনো এর কোনো কার্যকর টিকা আবিষ্কার হয় নি। কোভিড-১৯ এর তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ বেশি।
মালয়েশিয়ায় ১৯৯৮ সালে নিপাহ ভাইরাস প্রথম শনাক্ত হয়।
যেখানে শূকর খামারের সঙ্গে যুক্ত শতাধিক মানুষের মৃত্যু হয়। মালয়েশিয়ার নিপাহ গ্রামে প্রথম ভাইরাসটি ধরা পড়ায় এর নামকরণ করা হয় ‘নিপাহ’।
এরপর থেকে প্রায় প্রতি বছরই ভারত, বাংলাদেশ, ফিলিপাইনস, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে নিপাহের সংক্রমণ দেখা গেছে।
বাংলাদেশে নিয়মিতভাবে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে ভারতে প্রথম নিপাহ সংক্রমণ ধরা পড়ে ২০০১ সালে পশ্চিমবঙ্গে।
পূর্বে বাংলাদেশে কাঁচা খেজুরের রস খেয়ে নিপাহ সংক্রমণের একাধিক তথ্য পাওয়া গেছে।
ভারতের কেরালা রাজ্যে ২০১৮ সালে নিপাহ ভাইরাসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। পরে ২০২৩ সালেও সেখানে আরো দুইজন মারা যান।
সম্প্রতি ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত নজরদারি, পরীক্ষা এবং মাঠপর্যায়ে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত থেকে আগত যাত্রীদের জন্য থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা, তাপমাত্রা পরিমাপ ও স্বাস্থ্য রির্পোট বাধ্যতামূলক করেছে।
এদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, নিপাহ ভাইরাসের ব্যাপক বিস্তারের খবর ‘ভিত্তিহীন ও অতিরঞ্জিত।’
সূত্র : দ্য গার্ডিয়ান










