সিল্কসিটিনিউজ ডেস্ক :
একুশ শতকে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, জোর যার মুল্লুক তার। শোষণ, আগ্রাসন এবং আধিপত্য বিস্তারে উগ্রবাদে মগ্ন ‘নব্য সাম্রাজ্যবাদী’ চক্রগুলো। এরা নতুন চেহারা ধারণ করেছে। তারা এখন আর সরাসরি কোনো দেশ দখল করে না। নব্য সাম্রাজ্যবাদী দেশগুলো (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চায়না ও রাশিয়া) যেকোন দেশের সরকার পরিবর্তনের মাধ্যমে নিজের সাম্রাজ্য বৃদ্ধি করে। আধুনিক এই দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোল মাদুরোকে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী ইউনিট ‘ডেল্টা ফোর্স’ ৩ জানুয়ারি ২০২৬-এর সকালবেলা তুলে নিয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের এই ঘটনা একটি দেশের ওপর শুধুমাত্র হামলা নয়, এটি পুরো বিশ্বের জন্য এক ভয়ংকর অশনি সংকেত। চলমান এই ঘটনায় প্রমাণ করে- একবিংশ শতাব্দীতেও নব্য সাম্রাজ্যবাদের নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একক বিশ্ব আজও গড়ে ওঠেনি। বরঞ্চ তা আরও দুর্বোধ্য ও চরমপ্রকারের নির্দয় রূপে ফিরে এসেছে।
দার্শনিকরা মনে করতেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে, একটি ‘লিভায়াথান’ (শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা দরকার)- যা বিশৃঙ্খলা দমন করে সুশাসন কায়েম করবে। এক সময় মুক্তির নেশায় দুনিয়াজুড়ে উপনিবেশগুলোয় স্বাধীনতার ঢেউ উঠেছিল। এই মুক্তির ঢেউ শুধু মানুষের আত্মনিয়ন্ত্রণের ইচ্ছেশক্তিই কাজ করেছে তা নয়, এর পেছনে মার্কিন প্রশাসনের একটা ভূমিকা ছিল। তারা এসব মুক্তির আন্দোলন দ্বারা ইউরোপীয় সাম্রাজ্যবাদকে দুর্বল এবং সোভিয়েত রাশিয়ার সম্প্রসারণ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। অথচ সাম্প্রতিক সময়ে সেই মার্কিন প্রশাসন দুনিয়াজুড়ে এক নগ্ন সাম্রাজ্যবাদে লিপ্ত হয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড, পানামা ছাড়াও কানাডার ওপর মার্কিন সার্বভৌমত্ব প্রতিষ্ঠার স্পষ্ট হুমকি দিয়েছে। বর্তমান সময়ে ট্রাম্প প্রশাসন স্বাধীন রাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে ভেঙে দিয়ে তাদের প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে নিয়ে গেল। যুক্তরাষ্ট্র কয়েক যুগ ধরেই নিজেকে উদার গণতন্ত্র ও মানবাধিকারের এক মহান ধারক হিসেবে তুলে ধরে। প্রকৃতপক্ষে তারা লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াসহ পুরো দুনিয়ায় সরকার উৎখাত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হস্তক্ষেপের নিলজ্জ ইতিহাস গড়ে তুলেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা সেই ধারাবাহিকতারই চূড়ান্ত প্রকাশ- এহেন ন্যাক্কারজনক ঘটনা পুরো বিশ্বে বিতর্কের সৃষ্টি করেছে।

ভেনেজুয়েলা একটি স্বাধীন রাষ্ট্র, তার প্রেসিডেন্টকে বিদেশি শক্তি তুলে নিয়ে যাওয়াটা মূলত রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণাটিই ভেঙে দিল। এর অর্থ গণতান্ত্রিক ভোট, সংবিধান কিংবা জনগণের রায় অথবা কমিউনিজম কিংবা রাজতন্ত্র কিছুই গুরুত্বপূর্ণ নয়; কেবল মার্কিন স্বার্থই যথার্থ। এ সময়ে ভেনেজুয়েলা কিংবা সন্ধ্যাবেলায় ইরান, পরশু হয়তো অন্য কোনো মার্কিনবিরোধী দেশ- এই ভয়টাই বিশ্ব রাজনীতিকে চরমভাবে তাড়া করছে। বিশ্ব যে একটা শান্তির জন্য দিশেহারা হয়ে গুমরে গুমরে কাঁদছে। তারই বিপরীতে চরম হুমকির ঘটনা বিশ্বকে আরও অনিরাপদ করে তোলে। একটি শক্তিশালী দেশ যদি মানবতা কিংবা শতসিদ্ধ আইন না মেনে চলে, তাহলে দুর্বল দেশগুলো বাধ্য হবে অস্ত্র, জোট ও সংঘাতের পথে হাঁটতে। এতে করে, বিশ্ব নানা মেরুতে বিভক্ত হবে এবং বৈশ্বিক যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাবে। এই যে পরমাণু ও আধুনিক অস্ত্র প্রতিযোগিতা, তা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত ভাঙন। বিশ্ব আজ ন্যায়বিচারের নয়, শক্তির কাছে বন্দী হয়ে পড়েছে। আর এর নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী কয়েকটি দেশ। প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে: ‘তাদের আধিপত্য মানতে হবে, নইলে প্রতিটি দেশের নেতৃত্ব ধ্বংস হবে, মাটির সাথে মিশে যাবে।’ তবে এই বার্তা মার্কিনবিরোধী দেশগুলোকে আরও প্রতিরোধী, আরও কঠোর এবং আরও পশ্চিমাবিরোধী করে তুলবে। বিশ্ব রাজনীতির মাঠে যে একটা মাধুর্যগত সমীকরণ রয়েছে, তা আজ ভেঙে পড়েছে। ভূরাজনীতির যে সংলাপ তাতে এসেছে সন্দেহ, সহযোগিতার জায়গায় আসবে চরমপ্রকারের সংঘাত। ট্রাম্প প্রশাসনের নিলজ্জকর এই ঘটনা আবারও প্রমাণ করেছে- কোনো দেশের গণতন্ত্র যুক্তরাষ্ট্রের সমস্যা নয়; সমস্যা হলো সেই দেশ মার্কিন নিয়ন্ত্রণে আছে কিনা। যে সরকার মার্কিন স্বার্থে কাজ করে, সে যত স্বৈরাচার কিংবা নিপীড়কই হোক-না কেন, তা নিরাপদ। আর যে সরকার স্বাধীন নীতি নেয়, সে-ই চরম শত্রু।
বিশ্ব আজ চরম আতঙ্কগ্রস্ত। অস্থির হয়ে উঠেছে ভূরাজনীতি। দুর্বল রাষ্ট্রগুলোকে গিলে খাওয়ার পরিকল্পনায় ব্যস্ত রাশিয়া, চায়না, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হিন্দুত্ববাদী ভারত ও ইউরোপের দেশগুলো। মনে পড়ে ঊনবিংশ শতাব্দীর ১৮৮৪-৮৫ সালের বার্লিন সম্মেলনে ইউরোপীয় শক্তিগুলোর সিদ্ধান্তের কথা। তারা নিজেদের মধ্যে যুদ্ধ না করে আফ্রিকা মহাদেশকে ভাগ করে নেওয়ার এক নির্মম সমঝোতা করে। আমরা কি একবিংশ শতাব্দীতে নতুন করে ওই যে ‘আফ্রিকার লুটপাট’ সে দিকে এগিয়ে যাচ্ছি। ইরাক, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিনের গাজা আর ভেনেজুয়েলার পরিস্থিতি এমনই ভয়াবহ ইতিহাসের সাক্ষী। তবে মনে রাখতে হবে, আধুনিক দুনিয়া এক ভয়াবহ ঐতিহাসিক ট্র্যাজেডির মঞ্চ হচ্ছে। এ যে স্বাধীন একটা দেশ ভেনেজুয়েলায় হস্তক্ষেপ, তা মূলত এর বিশাল খনিজ সম্পদের লোভেই।
ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রমাণিত অপরিশোধিত তেল মজুদ রয়েছে এবং তেল খাতের আয় সরকারি বাজেটের অর্ধেকের বেশি অর্থায়ন করে। বর্তমানে দেশটি দৈনিক প্রায় ৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করে এবং এর সবচেয়ে বড় ক্রেতা হলো চীন- যে দেশটি যুক্তরাষ্ট্রের প্রধানতম প্রতিদ্বন্দ্বী। মার্কিন প্রেসিডেন্ট তো বলছেনই, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করে অবকাঠামো মেরামত করবে। শুধু তাই নয়, সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প হাতের ইশারায় নিজের দিকে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করে বলেন, মূলত কিছু সময়ের জন্য যারা আমার পেছনে দাঁড়িয়ে আছে, তারাই ভেনেজুয়েলা চালাবে। যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আচরণই স্বাধীন ভেনেজুয়েলায় এই নগ্ন হামলা। তাদের সেনারা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘আটক’ করে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এবং তাদেরকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল। জাতিসংঘসহ দুনিয়ার দেশগুলোর আরও একটি লজ্জা হলো- একজন প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের যে বন্দিশিবিরে রাখা হয়েছে তা যেন ‘পৃথিবীর নরক’। আদালতে মাদুরোকে তোলা হলে, তিনি বলেন- ‘আমি একজন যুদ্ধবন্দি’।
নিকোলাস মাদুরো একজন সাহসী বীর- যিনি বাসচালক ও শ্রমিক নেতা থেকে শাভেজের উত্তরসূরি হিসেবে ২০১৩ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন। মানুষটি বাম দুনিয়ার নেতা হুগো শাভেজ-এর প্রিয় ছাত্র। এটিও মার্কিন জ্বালা। কোনোপ্রকারের প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো ‘তার কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে’ বন্দিদের যুক্তরাষ্ট্রে পাঠান। একই সাথে ট্রাম্প মাদক (ফেন্টানিল ও কোকেন) প্রসঙ্গে মাদুরোকে অভিযোগে নিশানা করেছেন।
তাছাড়া মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় অপরাধী গোষ্ঠী ‘ট্রেন দে আরাগুয়া ও কার্টেল দে লস সোলেস’-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং অভিযোগ করে যে পরেরটি মাদুরোর নেতৃত্বে পরিচালিত হয়। আমরা বিশ্লেষণ করে দেখেছি, কার্টেল দে লস সোলেস কোনো সংগঠিত গোষ্ঠী নয়, বরং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত একটি শব্দ, যারা কোকেন পরিবহনে সহায়তা করে। সত্যিকারার্থে বৈশ্বিক মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা তুলনামূলকভাবে একেবারেই ছোট। দেশটি মূলত একটি ট্রানজিট পয়েন্ট- যার মাধ্যমে অন্যত্র উৎপাদিত মাদক চোরাচালান হয়। এর সাথে প্রেসিডেন্ট মাদুরোর কোন সম্পর্কই নেই। বিশ্ব অবগত যে, কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক, তবে এর বেশিরভাগই অন্য পথে যুক্তরাষ্ট্রে পৌঁছায়, ভেনেজুয়েলার মাধ্যমে নয়। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) ২০২০ সালের এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে পৌঁছানো কোকেনের প্রায় তিনচতুর্থাংশ প্রশান্ত মহাসাগরীয় পথে আসে, আর ক্যারিবিয়ান দিয়ে আসে খুব সামান্য অংশ। অবশ্য ফেন্টানিল একটি সিনথেটিক মাদক- যা হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রে ওপিওয়েড অতিরিক্ত সেবনে মৃত্যুর প্রধান কারণ। ১৫ ডিসেম্বর ট্রাম্প একটি নির্বাহী আদেশে ফেন্টানিলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে ঘোষণা করেন এবং যুক্তি দিয়ে বলেন এটি ‘একটি নারকোটিকের চেয়ে রাসায়নিক অস্ত্রের কাছাকাছি’। কিন্তু এই ফেন্টানিল মূলত মেক্সিকোতে উৎপাদিত হয় এবং প্রায় একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছায় স্থলপথে দক্ষিণ সীমান্ত দিয়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া কোনো বিচ্ছিন্ন কিংবা তুচ্ছ ঘটনা নয়; এটি সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার বাস্তব ও নগ্ন চেহারা। এই পথ বিশ্বকে কোনোভাবেই শান্তির দিকে নয়, বরং ধ্বংস ও সংঘাতের দিকে চূড়ান্তভাবে ঠেলে দিচ্ছে। জাতিসংঘসহ মানবতাবাদী বিশ্ব নেতারা যদি এই আগ্রাসনের বিরুদ্ধে একত্র না হয়, তবে নিশ্চিতভাবে বলতে পারি, আগামী দিনে কোনো দেশই নিরাপদ থাকবে না। কারণ সাম্রাজ্যবাদ কখনো এক জায়গায় স্থির থাকে না।
লেখক : গবেষক ও রাষ্ট্রচিন্তক
সূত্র: যুগান্তর










