সিল্কসিটিনিউজ ডেস্ক :

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণের দামে এমন চিত্র দেখা গেছে।
সবজির বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। মূলা ও পেঁপে কিছুটা কম দামে মিললেও অন্য সবজির দাম চড়া।
এদিকে পেঁয়াজের বাজার ঘুরে দেখা গেছে, গত মৌসুমে উৎপাদিত প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন ১৪০-১৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজারে নতুন আসা মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে, কোথাও কোথাও ১৩০ টাকাতেও বিক্রি করা হচ্ছে। আমদানি করা পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
গত নভেম্বরের শুরুতে হঠাৎ অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। তখন ৭০-৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজের দাম ১১০-১২০ টাকায় স্থিতিশীল হয়।
এদিকে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো কয়েকবার চেষ্টা করার পর ৭ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়েছে। নতুন দরে এখন এক লিটারের বোতল বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়, আর ৫ লিটার ৯৫৫ টাকায়।
অন্যদিকে ডিমের দামে স্বস্তির খবর। ফার্মের এক ডজন ডিম এখন ১৪০ টাকা থেকে কমে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৭০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে।










