সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশের কৃষি খাত আধুনিকায়নে নেওয়া হয়েছিল ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প। সরকারের পরিকল্পনা ছিল, অনুদান ও ভর্তুকির সহায়তায় কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে ৫১ হাজারের বেশি অত্যাধুনিক কৃষিযন্ত্র। কিন্তু প্রকল্পের পাঁচ বছরে এসে সেই পরিকল্পনা পরিণত হয়েছে দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভর্তুকি লুটপাটের ঘটনা। আর এই লুটপাটের কারণে বরাদ্দের যন্ত্র দিতে কৃষকের ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া আমদানি এবং দেশের ১৩টি বড় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিতরণ তথ্য মিলিয়ে দেখা গেছে, অতিরিক্ত দুই হাজার ৫৮৫টি যন্ত্রের ভর্তুকি মূল্য নেওয়া হয়েছে ৫১৭ কোটি টাকার বেশি। যেসব যন্ত্র মাঠেই ছিল না, সেগুলোর বিপরীতেও তুলে নেওয়া হয়েছে ভর্তুকির বিল। শুধু মাঠে অস্তিত্বহীন যন্ত্রই নয়, একই যন্ত্র একাধিকবার দেখিয়ে বিল তোলার ঘটনা ঘটেছে ৮৫২টির বেশি।

আরো দেখা গেছে, ৯৭১টি কম্বাইন হারভেস্টার মাঠে না থাকলেও সেগুলোর ভর্তুকি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। জাল স্বাক্ষর ও জাল নথি ব্যবহার করে অন্তত ২০টি বিল তোলা হয়েছে, যার পরিমাণ তিন কোটি আট লাখ ২০ হাজার টাকা।
এসব অনিয়মের চিত্র উঠে এসেছে প্রকল্পের নিজস্ব অনুসন্ধান, দুর্নীতি দমন কমিশন (দুদক), কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব তদন্তে। তিন হাজার ২০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দেওয়া হয় ২০২০ সালে।
সেসময় কৃষিমন্ত্রী ছিলেন ড. আব্দুর রাজ্জাক। রাজনৈতিক প্রভাব খাটানো ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে বারবার তাঁর নাম উঠে আসে। দুদক ২০২৩ সালে তদন্ত শুরু করলেও প্রতিবেদনের অগ্রগতি না হওয়ায় আবারও নতুন করে তদন্ত শুরু হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সমতল অঞ্চলে ৫০ শতাংশ এবং হাওরাঞ্চলে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারিতে দুদক ফের সারা দেশে ছয়টি এনফোর্সমেন্ট অভিযান শুরু করলে প্রকল্পের অনিয়মগুলো স্পষ্টভাবে প্রকাশ্যে আসে।
কুষ্টিয়া, কুমারখালী, রাজশাহী, মাদারীপুর, বগুড়া ও ফরিদপুরের বিভিন্ন জেলা-উপজেলায় কৃষি অফিস ও প্রকল্প কার্যালয়ে গিয়ে দুদক কর্মকর্তারা নথি পরীক্ষা করেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
তদন্তে যে চিত্র পাওয়া গেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। উপকারভোগীর তালিকায় ভুয়া নাম, ভুল তথ্য, একই পরিবারের একাধিক সদস্যকে একাধিক যন্ত্র, কৃষক নন এমন ব্যবসায়ী, চাকরিজীবী, এমনকি শহরের অকৃষক লোকজনের নামে কম্বাইন হারভেস্টার বরাদ্দ দেওয়া হয়েছে। আবেদনকারীর মোবাইল নম্বরে যোগাযোগ করে দেখা গেছে, তিনি প্রকৃত উপকারভোগী নন। আবার এক যন্ত্র দুইবার বিতরণ দেখিয়ে বিল তোলা, মেশিন বিতরণের পরপরই তা বিক্রি করে দেওয়া, চেসিস ও ইঞ্জিন নম্বর স্টিকারে লাগানো—এসব অনিয়মও পাওয়া গেছে, যা স্পষ্টত প্রতারণা।
অনেক জায়গায় আবেদনপত্র, বরাদ্দপত্র, সরবরাহের নথি—সবকিছুতে একই ধরণের ভুল ও অসংগতি পাওয়া গেছে। এতে প্রমাণ মিলেছে, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের বড় একটি অংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে পরিকল্পিতভাবে এসব অনিয়ম করেছে।
সরবরাহকারী প্রতিষ্ঠানের সম্পৃক্ততা : মন্ত্রণালয়ে জমা দেওয়া ৮৫৪টি যন্ত্রের তালিকায় দেখা গেছে, সেগুলোর বিপরীতে একাধিকবার বিল তোলা হয়েছে। তালিকায় যে ১২টি সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম রয়েছে তারা হলো—আলিম ইন্ডাস্ট্রিজ, আবেদিন ইকুইপমেন্ট, চিটাগং বিল্ডার্স অ্যান্ড মেশিনারি, মেটাল অ্যাগ্রিটেক, এসিআই মোটরস, এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাকডোনাল্ড ক্রপ কেয়ার, গ্রিনল্যান্ড টেকনোলজিস, উত্তরণ ইঞ্জিনিয়ারিং, বাংলামার্ক, আদি এন্টারপ্রাইজ ইত্যাদি। প্রকল্পের নিজস্ব তদন্তে দেখা গেছে, এদের মধ্যে কেউ কেউ একই যন্ত্র তিনবার পর্যন্ত বিতরণ দেখিয়ে ভর্তুকি তুলে নিয়েছে।
এ বিষয়ে এসিআই অ্যাগ্রিবিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের কাছ থেকে প্রয়োজনীয় সব নথি চাওয়া হয়েছিল, আমরা সবই জমা দিয়েছি। যে পরিমাণ যন্ত্র আমদানি করেছি, সে অনুযায়ী সরবরাহও করেছি। আমাদের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি।’
অডিট অধিদপ্তরের আপত্তিতে বলা হয়েছে, একই যন্ত্র বারবার সরবরাহ দেখিয়ে ক্ষতি করা হয়েছে সরকারি ২৯৫ কোটি টাকা। আমদানি করা যন্ত্রের সংখ্যার তুলনায় বেশি বিতরণ দেখিয়ে ভর্তুকি নেওয়া হয়েছে ৭৫৭ কোটি ৭১ লাখ টাকা। এতে সরকারের মোট আর্থিক ক্ষতি প্রায় এক হাজার ৫৩ কোটি টাকা। অর্থাৎ বিল ও বাস্তবতার গরমিলে ভর্তুকির টাকাই পরিণত হয়েছে হরিলুটের উৎস।
কৃষি মন্ত্রণালয়ে তদন্তের চাপ, ৯ কর্মকর্তা বরখাস্ত, অভিযুক্তের তালিকায় আরো ৫০ জনের নাম : দুদক ও মন্ত্রণালয়ের তদন্তে এরই মধ্যে সাবেক প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলামসহ ৯ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, অনিয়মে জড়িত আরো ৫০ জনের বেশি কর্মকর্তা শাস্তির মুখোমুখি হতে পারেন।
তদন্তে যুক্ত এক কর্মকর্তা জানান, এই দুর্নীতির জাল অনেক বিস্তৃত। পুরো বিষয় খতিয়ে দেখতে সময় লাগবে। প্রায় সব জেলাতেই ভর্তুকি দেওয়া হয়েছে এবং সবখানেই অনিয়ম হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে আরো অনেক কর্মকর্তা দায়ী হবেন। তিনি আরো জানান, শুধু কর্মকর্তাদের শাস্তি দিলেই হবে না, যেসব যন্ত্র সরবরাহকারী কম্পানি এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
ভর্তুকি বন্ধ, ভুগছেন কৃষক, ভর্তুকি চালুর প্রস্তাব : দুর্নীতি ও নানা অনিয়মে কার্যত প্রকল্পটি অচল হয়ে পড়লেও এখনো প্রকল্পটির ৫০০ কোটির বেশি টাকা উদ্বৃত্ত আছে। এ অবস্থায় প্রকল্প দপ্তর ভর্তুকি কার্যক্রম চালু রাখার প্রস্তাব পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়ে।
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক মো. মঞ্জুর-উল আলম কালের কণ্ঠকে বলেন, ‘প্রকল্পের অবশিষ্ট অর্থ কৃষকদের মধ্যে স্বচ্ছতার সঙ্গে যন্ত্র কেনায় ভর্তুকি হিসেবে ব্যবহার করা উচিত। অতীতের লুটপাটে কৃষি যন্ত্রায়ন পিছিয়ে পড়েছে। এখন ভর্তুকি বন্ধ থাকলে কৃষক আরো ক্ষতিগ্রস্ত হবেন।’
কৃষি কর্মকর্তারা জানান, অর্থছাড় না হওয়ায় মাঠ পর্যায়ে উৎপাদন ব্যাহত হচ্ছে। ধান কাটার মৌসুমে শ্রমিকের সংকট, ব্যয় বৃদ্ধি এবং কাজ শেষ করতে বেশি সময় লাগছে। এতে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে খাদ্য নিরাপত্তা ও কৃষকের আয়ে নেতিবাচক চাপ পড়ছে।










