সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ (এস আলম) ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ ও তা সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়েছে।
এই মামলাটি দুদকের ইতিহাসে সর্ববৃহৎ মামলা বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

মামলার এজাহারে বলা হয়, আসামি এস আলমের গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কম্পানি লি. এর ঋণের নামে নেওয়া মোট ৯ হাজার ২৮৩ দশমিক ৯৩ কোটি টাকা (যা বর্তমানে লভ্যাংশসহ/সুদ-আসলে ১০ হাজার ৪৭৯ দশমিক ৬২ কোটি টাকা) আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচার করেছেন।
এস আলমসহ ৬৭ জন আসামি পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা বিধি, পলিসি ও সার্কুলারের তোয়াক্কা না করে ওই তিনটি কম্পানির অনুকূলে অপ্রতুল জামানত রেখে, সিআইবি রিপোর্টে বিদ্যমান উচ্চ ঋণের পরিমাণ বিবেচনা না করে ও গ্রাহকের ব্যাবসায়িক টার্নওভার ঋণসীমার সাথে অসামঞ্জস্যপূর্ণ থাকা সত্ত্বেও ব্যাংকের ঝুঁকির কথা বিবেচনা না করে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ঋণের নামে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। পরবর্তী সময়ে এস আলম ও এর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেন।
মামলার অপর আসামিরা হলেন এস আলম গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, আব্দুস সামাদ, ওসমান গনি, রাশেদুল আলম, সহিদুল আলম, ফারজানা পারভীন, মো. ইসমাইল, এস এম নেছার উল্লাহ, মো. ছাদেকুর রহমান, মো. এহসান উদ্দীন, মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আনছারুল্লা আলম চৌধুরী, আহসানুল আলম ও মায়মুনা খানম।
এ ছাড়া আসামির তালিকায় থাকা ইসলামী ব্যাংক কর্মকর্তা হলেন কর্মকর্তা মিফতাহ উদ্দীন, মোহাম্মদ সাব্বির, মো. মাহবুব উল আলম, মোহাম্মদ মনিরুল মাওলা, মুহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ইহসানুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল কবির, তাহের আহমেদ চৌধুরী, মো. নাজমুল হাসান, মোহাম্মদ সেলিম উদ্দিন, আবদুল মতিন, মো. সিরাজুল করিম, মো. জয়নাল আবেদীন, কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, তানভীর আহমেদ, মো. কামরম্নল হাসান, খুরশিদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. মোসাদ্দেক উল আলম, মো. জাকির হোসেন, মো. কামাল হোসেন গাজী, আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, মো. সাইফুল ইসলাম, ড. মো. ফসিউল আলম, ড. মোহাম্মদ সালেহ জহুর, মো. সোলায়মান, মো. কামাল উদ্দীন, মো. আবদুল হামিদ, আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. সাইফুল ইসলাম প্রমুখ।









