সিল্কসিটিনিউজ ডেস্ক :
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘জুলাই আন্দোলনে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যা জাতিসংঘ মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে এবং দায়ীদের বিচারের সুপারিশ করেছে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে কোনো সুপারিশ নাই, তাই আমার কাছে জাতিসংঘের তদন্ত সংস্থার প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ মনে হচ্ছে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় গণ-অভ্যুত্থান ২৪-এর শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় গণ অধিকার পরিষদ হোসেনপুর উপজেলার উদ্যোগে আয়োজিত গজল সন্ধ্যার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে আবু হানিফ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে গতকাল জাতিসংঘের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিল সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত সেই বিষয়টি উল্লেখ রয়েছে। র্যাব এবং টেলিফোনে আড়িপাতা সংস্থা বিলুপ্তের কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি গতকাল প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। কিন্তু আয়নাঘরের যেসব ছবি সামনে আসছে, তাতে আয়নাঘরের সঠিক চিত্র উঠে আসেনি, বাস্তবে এই আয়নাঘর আরো ভয়াবহ।
অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলছে। কিন্তু অভিযোগ রয়েছে কিশোরগঞ্জে প্রকাশ্যে ডেভিলরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের প্রতি আহ্বান আপনারা ডেভিলদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
হানিফ বলেন, ‘দেশকে ডেভিলমুক্ত করতে হলে সবার আগে সচিবালয় ও গণমাধ্যম হাউসগুলোতে থাকা ডেভিলদের চিহ্নিত করতে হবে।
এই ডেভিলদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জুলাই গণ-অভ্যুত্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এদের চিহ্নিত করে শিকার করা জরুরি।’
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগের আমলের চাঁদাবাজি, দখলদারি কমেনি, কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে; সিস্টেম আগেরটাই রয়েছে। এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। ছাত্র-জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি, তারা দেশকে আমূল সংস্কার করার জন্য জীবন দিয়েছে।
অনেকেই নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন, সংস্কারের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। মনে রাখতে হবে সংস্কার ব্যতীত নির্বাচন টেকসই হবে না। সংস্কার না করে নির্বাচন দিলে সেটা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। তাই আগে সংস্কার তারপর নির্বাচন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের হোসেনপুর উপজেলার সদস্যসচিব হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সদস্য মোখলেছুর রহমান উজ্জ্বল, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, ইমতিয়াজ কাজল, যুগ্ম সদস্যসচিব সুহেল হায়দার, মিজানুর রহমান, কটিয়াদী উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আলী হোসেন মহসিন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান, ছাত্র নেতা রিপন রাজ প্রমুখ।
সূত্র: কালের কণ্ঠ










