সিল্কসিটিনিউজ ডেস্ক: দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। ঐতিহাসিক শততম টেস্টে আবারও দেখা দেয় পরাজয়ের শঙ্কা। সেই শঙ্কা এখন ধিরে ধিরে কাটতে শুরু করেছে। এখন জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে টাইগাররা।
তামিম ইকবাল এবং সাব্বির রহমানের জুটিতে নতুন আশা জাগছে টাইগার শিবিরে। দুজনে ইতিমধ্যেই ৫০ রানের জুটি গড়ে ফেলেছেন। তামিম ৫০ এবং সাব্বির ২৩ রানে ব্যাট করছেন। বাংলাদেশের রান ২ উইকেটে ৮৯। জয়ের জন্য চাই ১০২ রান। হাতে আছে অফুরন্ত সময়।

ব্যাট করতে নেমে ২২ রানেই দুই উইকেট হারিয়েছে মুশফিক বাহিনী। লঙ্কান অধিনায় রঙ্গনা হেরাথের পরপর দুই বলে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার (১০) এবং ইমরুল কায়েস (০)। হেরাথের বলে তুলে মারতে গিয়ে উইকেট দিয়ে দিলেন সৌম্য। লং অফে ক্যাচ নিলেন উপুল থারাঙ্গা। হেরাথের পরের বলটি ডিফেন্ড করতে চেয়েছিলেন ইমরুল কায়েস। ভেবেছিলেন টার্ন করবে। কিন্তু টার্ন করেনি। ব্যাটের কানায় লেগে স্লিপে গুণারত্নের তালুবন্দী হলেন তিনি।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৯১ রানের। নবম উইকেটে ৮০ রানের জুটি গড়েন দুই টেল এন্ডার ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা এবং সুরঙ্গা লাকমল। পেরেরা ১৭৪ বলে ৫০ রান করে রানআউট হয়ে যান।
শেষে লাকমলকে মোসাদ্দেক হোসেনের ক্যাচে পরিণত করে লঙ্কানদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিকদের পঞ্চম দিনের পিচ যতটা খারাপ হওয়ার কথা ছিল, ততটা খারাপ এখনো হয়নি। তবে ব্যাটিং করা কঠিন হয়ে যাচ্ছে।










