সদ্য প্রকাশিত
জাতীয়

রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে।

৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি রয়েছে। এ প্রক্রিয়ায় কোর্ট পুলিশেরও ভূমিকা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।

পরীক্ষার জন্য পাঠানো আলামতের মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।

জিন্নাত আলী বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তদন্ত কর্মকর্তার দাবি, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা।

বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাদের ধারণা ছিল। এসব সম্পদ চুরির উদ্দেশে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন তারা। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয়।
চার হত্যাকাণ্ডের পর নিহত গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত গত ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে সঞ্জয় চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

মামলায় আসামিদের বন্ধু সীমান্ত দাস, দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে দুই আসামি রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

এদিকে, দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করা অবিশ্বাস্য দাবি করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা।