
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুর রাখার অপরাধে আটটি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও একটি গুদাম সিলগালা করা হয়েছে। বুধবার বিকেলে জেলার মহাদেবপুর, নিয়ামতপুর ও মান্দা উপজেলায় অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
রাতে সাড়ে ৮টায় জেলা প্রশাসকের মিড়িয়া সেলে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।
জরিমানাকৃত প্রতিষ্ঠাগুলো হলো- মহাদেবপুর উপজেলার চকগৌরি এলাকার মেসার্স তাসলিমা রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, বাগাচাড়া এলাকার মেসার্স থ্রিস্টার রাইস মিল মালিককে ২০ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতারা বাজারের বাবু সোনারকে এক লাখ টাকা, বক্কর সোনার নামে একটি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা ও নেহা ট্রেডার্স নামে আরও এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাগড়া মান্দায় উপজেলার কালীতলা এলাকায় তারামন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, শেখ ট্রেডার্সকে ৮০ হাজার টাকা এবং মনোহরপুর্ এলাকায় হাজ্বী ট্রের্ডাসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন- মেসার্স তাসলিমা রাইস মিলে সিলিং বহির্ভুত মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা এবং মেসার্স থ্রিস্টার রাইস মিল মালিককে ক্রয় বিক্রয়ের রশিদ ও মজুদ চাউলের হিসাব সংরক্ষণ না থাকার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মোরশেদ বলেন- জরিমানাকৃত তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এসময় বাবু সোনার নামে এক ব্যক্তির ধানের গুদামে লাইসেন্সবিহীন ধান মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা করা সহ গোডাউন সিলগালা করা হয়েছে। এছাড়া বক্কর সোনারের গুদামে অবৈধভাবে ৩০০ মেট্রিক টনের উপর ধান মজুদ থাকায় ৩০ হাজার এবং মাহমুদুল্লাহ নামে এক ব্যক্তিকে অবৈধভাবে ধান মজুদ করায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এসময় ওই পাঁচ প্রতিষ্ঠানের মজুদ করা ধান সঠিকভাবে খোলাবাজারে বিক্রি নিশ্চিত করতে এসি ল্যান্ড, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা খাদ্য অফিসার এবং একজন এসআইয়ের সমন্বয়ে একটি টিম করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি তদারকি করবে বলে জানানো হয়।









