
নিয়ামতপুর প্রতিনিধি:
রাত পোহালেই মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণের অপেক্ষায় সবাই।
এরই ধারাবাহিকতায় নওগাঁর নিয়ামতপুরে পুরোদমে চলছে শারদীয় উৎসবের প্রস্তুতি। এখন ব্যস্ততা দেবী দুর্গাকে পূজার বেদীতে পৌঁছে দেয়া আর মণ্ডপসজ্জার। সেই সাথে আলোয় আলোয় উৎসব ভরিয়ে দেয়ার আয়োজনও চলছে। উচ্ছ্বাস ছড়িয়েছে সবখানে।

এবার নিয়ামতপুর উপজেলায় ৬২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোয় প্রস্তুতি শেষ। সেজেছে চারপাশ, বর্ণিল আয়োজন আর আলোকসজ্জায়। দেবীকে বরণ করে নিতে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
উপজলার শালবাড়ী গ্রামের পুরোহিত ভবেশ চক্রবর্তী জানালেন, সনাতন পঞ্জিকা অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠী। উৎসবের মূল আনুষ্ঠানিকতা এদিন শুরু হবে। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় দেবীপক্ষ; দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। সাধারণত শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচ দিন যথাক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত।
উপজেলার ভাবিচা দুর্গা মন্দিরের কোষাধ্যক্ষ তুশিত কুমার সরকার জানান, আমাদের আয়োজন শেষের দিকে। আশা করছি খুব ভালোভাবে পূজা উদযাপন করতে পারব। প্রতি বছরের মতো এবারও আমাদের মন্দিরে অনেক লোকজনের আগমন হবে বলে মনে করছি। আমাদের এখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ বলেন, শারদীয় দুর্গোৎসব যেন সুষ্ঠুভাবে শেষ করতে পারি এজন্য উপজেলার সকল মণ্ডপের দায়িত্বরত ব্যক্তিদের সাথে মতবিনিময় করা হয়েছে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, পূজার মধ্যে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, কেন্দ্রীয় ও জেলা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তার আলোকে কাজ করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন যাতে নির্বিঘ্নে মন্ডপে আসতে পারে সেজন্য যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।









