সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালন

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

“পানিই জীবন, পানিই খাদ্য। কেউ থাকবেনা পিছিয়ে” প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের (সার্বিক) সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শামীম ইকবাল, জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, বিনা’র ইনচার্জ ড. আহমেদ নুমেরী আশফাকুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। কিন্তু চাহিদার পরিমান দিন দিন বেড়েই চলেছে। যদিও কৃষি বিভাগ গবেষণার মাধ্যমে ধানের বিভিন্ন জাত, বারোমাসি আম, পেয়ারা উদ্ভাবনে দিন রাত পরিশ্রম করছেন। আর তাই আমাদের নিজেদেরও একই জমিতে ২/৩ রকম ফসল উৎপাদন সহ ছাদ বাগানের দিকে নজর দিতে হবে। নিজেদের সাধ্যের মধ্যে বস্তায় হলুদ চাষ, এলাচ চাষের মতো মসলা চাষ করে আর্থিকভাবে লাভবান হবার প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হয় খাদ্য দিবসের আলোচনা সভায়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. পলাশ সরকার।
র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গণ কর্মকর্তা কানিজ তাসনোভা, বীজ প্রত্যয়ন অফিসার রুমেলা খাতুন, উপজেলা কৃষি অফিসার (সদর) সঞ্জয় কুমার সরকার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ইসহাক হোসেন, জেলা খাদ্য গুদামের উপ খাদ্য পরিদর্শক সোহেল রানাসহ দপ্তর সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।