
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে কয়েক দিনের টানা বর্ষণে নিচু এলাকার আমনের খেত তলিয়ে গেছে এতে করে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন। কৃষি কর্মকর্তা বলছেন, বন্যার পানি নেমে গেলেই ক্ষতির পরিমাণ বোঝা যাবে।
নিয়ামতপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এবার ৩০ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে। যার মধ্যে বেশির ভাগই স্বর্ণা জাতের ধান। এর মধ্যে চন্দননগর, ভাবিচা ও পাড়ইল ইউনিয়নের ৫৫ হেক্টর ধান খেত পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকার পানি নেমে গেলেও কিছু এলাকায় এখনও পানি রয়ে গেছে।
ভাবিচা গ্রামের কৃষক তাপস মন্ডল জানান, ভাবিচা বিলে ধান লাগিয়েছিলাম। বন্যার পানিতে সব ধানই তলিয়ে গেছে। সেচের পানি কিনে নিয়ে ধান লাগিয়েছিলাম, এখন অসময়ের বন্যায় ডুবে গেল। পানি নেমে গেলে কী হবে বুঝতে পারছি না। ধান পাব কিনা চিন্তায় আছি।

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, বন্যার পানি এখনো নেমে যায়নি। সব পানি নেমে গেলে আমরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সংগ্রহ করবো। তখন বোঝা যাবে বন্যার পানিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তখন আমরা পরিস্থিতি দেখে কৃষকদের পরামর্শ দিব।









