সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৩২ মিনিট পড়া
রাণীনগরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডাবলু প্রামানিক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাবলু প্রামানিক উপজেলার মিরাট ইউনিয়নের নয়াহরিশপুর গ্রামের তোফাজ্জল প্রামানিকের ছেলে।
জানা গেছে, উপজেলার নয়াহরিশপুর গ্রামের জনৈক এক ব্যক্তির কাছ থেকে তিন মাস আগে ৫শ’ টাকা ধার নেয় একই গ্রামের ডাবলু প্রামানিক। বেশ কিছুদিন ধরে ডাবলু পাওনাদারকে ধারের টাকা পরিশোধ করছিল না। টাকা ফেরত পেতে পাওনাদার গত ৮ সেপ্টেম্বর ডাবলুর বাড়িতে যান। এদিন বিকালেই ডাবলু পাওনাদারের বাড়িতে গিয়ে ধার নেওয়া টাকা পরিশোধ করে আসার প্রতিশ্রুত দিলে পাওনাদার ডাবলুর বাড়ি থেকে চলে আসেন। এরপর ওইদিন বিকাল ৫টার দিকে ডাবলু টাকা পরিশোধ করতে পাওনাদারের বাড়িতে যায়। এ সময় পাওনাদার বাড়িতে ছিলেন না। আর এই সুযোগে ডাবলু পাওনাদারের স্ত্রীর ঘরে প্রবেশ করে। এ সময় ডাবলু ওই গৃহবধূকে পিছন থেকে ঝাপটে ধরে হাত দিয়ে মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চালায়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে ডাবলু প্রামানিককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেফতার ডাবলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।