কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রোতা পাগলা নদী ক্রমান্বয়ে হারিয়ে মরা নদীতে পরিণত হচ্ছে। এ নদীটি জরুরি ভিত্তিতে খনন করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পানি উন্নয়ন বোর্ডের ত্র“টিপূর্ণ প্রকল্পের জন্য পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের অধীনে বাঁধ নির্মাণ করায় মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। এক সময়ের খরস্রোতা পাগলা নদী (শাড়িন নদী)।
জরুরি ভিত্তিতে পাগলা নদী খনন করে আগের অবস্থায় ফিরিয়ে না নিলে অচিরেই এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দেবে। শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগরের মোহনপুর থেকে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ব্রিজ পর্যন্ত পাগলা নদী একেবারে ক্ষীণ হয়ে গেছে। একমাত্র পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ২০ কিলোমিটার বাঁধ নির্মাণ করায় এ নদীর এ করুণ হাল হয়েছে।

পদ্মা নদীর বন্যার পানিতে পাগলা নদীতেও বন্যা হয়ে থাকে। কিন্তু ১৮ কলম ও উজিরপুর ইউনিয়নের দশরশি দাঁড়ায় বাঁধ দিয়ে প্রবাহের পথ বন্ধ করায় পদ্মা নদীর পানি এখন পাগলা নদীতে প্রবেশ করতে পারে না। মহানন্দা নদীর সঙ্গে পাগলার যে সংযোগ করা হয়েছে তাও অর্থহীন। বরং মহানন্দার বন্যার পানি উজানে পাগলা নদীতে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। পদ্মা নদীতে প্রবল ভাঙন শুরু হয় ’৯০ সালের দিকে। ভাঙন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করে।
শুরু হয় পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজ। অতীতে সমগ্র শিবগঞ্জ উপজেলাবাসীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের সঙ্গে একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল পাগলা নদী। সে সময় নৌ-পথেই যাতায়াত করত সাধারণ মানুষ। পাগলা নদীতেই একসময় চলাচল করত স্টিমার, লঞ্চ ও ঢাকুয়ালদের বড় বড় পণ্যভর্তি নৌকা। পাগলা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বাংলার পুরাতন রাজধানী গৌড় এবং ময়মনসিংহের মুক্তাগাছার কুঁজে রাজার কানসাটের জমিদারি।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে ব্রিটিশ বেনিয়ারা গড়ে তুলেছিল নীলকুঠি। এ নদী দিয়েই সব ধরনের ব্যবসা-বাণিজ্য চলত সারা বছর। কিন্তু ১৮ কলম ও উজিরপুর দাঁড়ার মুখ বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের নদী গবেষণা বিভাগের এমন ভুল সিদ্ধান্তের জন্য পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের যে বাঁধটি নির্মাণ করা হয়েছে, সে কারণেই পাগলা নদীতে বর্ষাকালে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
অন্যদিকে খরা মৌসুমে পাগলা নদী পানিশূন্য হয়ে যাচ্ছে। এ সুযোগটি কাজে লাগিয়ে এক শ্রেণীর অবৈধ দখলদার পাগলা নদীর দুই পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে।
স/আ









