সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারত ভ্রমণে গেলে আর মোবাইলের সিম সংগ্রহের ঝামেলায় পড়তে হবে না বিদেশি পর্যটকদের। ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) নিয়ে ভারত ভ্রমণে গেলে বিনামূল্যে পাওয়া যাবে ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) মোবাইল সিমকার্ড। ওই সিমে ৫০ টাকার টক টাইম এবং ৫০ এমবি ইন্টারনেট ডাটাও দেওয়া থাকবে।

ভারত ভ্রমণে আসা বিদেশিদের জন্য এই সেবার কথা ঘোষণা করলেন ভারতের পর্যটনমন্ত্রী মহেশ শর্মা। ভারত ভ্রমণে আসা বিদেশিদের সুবিধার জন্য ৩০ দিন বৈধ থাকবে ওই সিমটি। সিমে ভারতের বিভিন্ন পর্যটন হেল্পলাইনের নম্বরও দেওয়া থাকবে; যেখানে ফোন করে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রের বিষয়ে খোঁজ খবর জানতে পারবেন বিদেশি পর্যটকরা। ২৪ ঘণ্টা চালু থাকবে এই হেল্পলাইন।
মহেশ শর্মা জানান, ভারতে পৌঁছানোর পর ই-ভিসার প্রিন্ট আউট বিমানবন্দরের অভিবাসন দপ্তরের কাউন্টারে দেখাতে হবে। ওই প্রিন্ট আউট দেখানোর পর সেখানে সিলমোহর দেওয়া হবে। একই সঙ্গে বিদেশি পর্যটকদের স্বাগত জানিয়ে একটি উপহারের বাক্সও তুলে দেওয়া হবে। ওই উপহারের বাক্সের মধ্যেই থাকবে বিএসএনএলের ওই সিমকার্ডটি।
প্রাথমিক পর্যায়ে কেবল ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই সেবা পাওয়া যাবে। আস্তে আস্তে ভারতের বাকি ১৫টি আন্তর্জাতিক বিমানবন্দরেও এই সেবা চালু হবে।
সূত্র: এনটিভি










