ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চর এলাকায় একটি মাদ্রাসা মাঠে শুক্রবার রাতে গোপন বৈঠক চলাকালে গানপাউডার ও ককটেলসহ ৪ জামাত ও শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, শিবির কমী উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে তোসলিম উদ্দিন (৩৫) একই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে গোলাম মোস্তফা (২৫) এবং জামাতের কর্মী উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামো জগনাথপুর গ্রামের মৃত শরিয়ত আলীর ছেলে খলিলুর রহমান (৬৫) ও একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫)।

শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলী সিল্কসিটি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই গৌতম চন্দ্র মালী, এসঅঅই কামরুজ্জামানের নেতৃত্ব একদল পুলিশ দূর্লভপুর ইউনিয়নের চর নামোজগন্নাথপুর আনক কারিগরী দাখিল মাদ্রাসা মাঠে জামায়াত শিবিরের গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে এক কেজি গানপাউডার, পাঁচটি ককটেল এবং দশটি বাইসাইকেলসহ ৪ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়্।
তিনি আরও জানান, ওই সময় জামায়াত-শিবির কর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্য গোপন বৈঠক করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকীরা পালিয়ে যায়। এঘটনায় শনিবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি মামলা (মামলা নম্বর-২২/১৭) হয়েছে।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স/অ









