সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক৩০ জুন ২০২২২ মিনিট পড়া
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রতীকি ছবি
প্রতীকি ছবি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আরেক কিশোর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলছাত্রের নাম সারোয়ার হোসেন (১৫)। সে কিশোপুর মধ্যেপাড়া গ্রামের তাজ উদ্দীনের ছেলে। সারোয়ার দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত কিশোরের নাম মারুফ হোসেন (১২)।

নিহত সারোয়রের চাচা আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, সারোয়ার বৃহস্পতিবার সকাল ৯টার দিকে না খেয়েই ‘আসছি’ বলে বাড়ি থেকে বের হয়। তাঁর সঙ্গে ছিলেন তাঁর খেলার বন্ধু মারুফ। মারুফকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কিছু দূরে কিশোরপুর পূর্বপাড়া এলাকায় একটি পিকঅ্যাপ ভ্যানের সঙ্গে মুখোমুুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সারোয়ার গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার আরো বেশি অবনতি হলে  সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলার কিশোরপুর গ্রামে সড়ক দুর্ঘনায় একজন মারা গেছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সে রামেক হাসপাতালে মারা যাওয়ায় এই দুর্ঘটনায় রাজশাহী নগরীর রাজপাড়া থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ/এস