সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাকিস্তানে আফগান কনস্যুলেটের ভেতরে কূটনীতিককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পাকিস্তানে আফগান কনস্যুলেটের ভেতরে কূটনীতিককে গুলি করে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে অবস্থিত আফগানিস্তানের কনস্যুলেটে গুলিবিদ্ধ হয়ে এক আফগান কূটনীতিক নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর গুলিতে তিনি নিহত হন বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ব্যক্তিগত বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানি পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার আফগান কনস্যুলেটের তৃতীয় সচিবকে গুলি করে হত্যা করে এক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। পরে ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজন ‘হামলাকারী’ ব্যক্তিও আফগান নাগরিক বলে জানানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা সাকিব ইসমাইল রয়টার্সকে বলেন, ‘ওই গার্ড তার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বেশ কয়েকটি গুলি করে।’

আরেক পুলিশ কর্মকর্তা আজাদ খান সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত বিবাদের জেরে এ গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে পাকিস্তানে নিয়োজিত আফগান দূত ওমর জাখিলওয়াল তার অফিসিয়্যাল ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আফগান কনস্যুলেটের ভেতরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোলাগুলি হয়েছে….. এক আফগান নিরাপত্তারক্ষী কম্পাউন্ডের ভেতরে এ হামলা চালিয়েছে, এতে আমাদের কূটনীতিকদের একজন নিহত হয়েছেন। একে ব্যক্তিগত বিবাদ সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন