সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

অস্ত্র আইনে শিবগঞ্জের দুলালের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
অস্ত্র আইনে শিবগঞ্জের দুলালের যাবজ্জীবন কারাদণ্ড

ভ্রাম্যমান প্রতিনিধি:
অস্ত্র আইনে দুলাল ইসলাম (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে একই আইনের অপর ধারায় তাকে দোষী সাবস্ত করে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ড দুটি একই সাথে কার্যকর হবে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ এনামুল বারী আসামীর উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন। দুলাল ইসলাম উপজেলার বিনোদপুর সাবাড়ীতলা গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। একই মামলায় অপর আসামী বিনোদপুর চামাটোলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে মিস্টার (৩৩) কে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্র ও সরকারী কৌসুলী (পিপি) জবদুল হক জানান, অস্ত্র বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০১৩ তারিখ র‌্যাবের হাতে দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট এলাকা হতে গ্রেপ্তার হয় দুলাল। এ ঘটনায় ওই দিনই র‌্যাব-৫ রাজশাহীর সহকারী উপ-পরিচালক (ডিএডি) কামাল হোসেন গোমস্তাপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন (মামলা নং-২০ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ অ, ১৯ ঋ ও বিশেষ ক্ষমতা ১২/২০১৪)।
তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ সরকার ২০১৩ সালের ৩০ অক্টোবর আদালতে ২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার আদালত দুলাল ইসলামকে দোষী সাবস্ত করে অস্ত্র আইনের ১৯ অ ধারায় যাবজ্জীবন এবং ১৯ ঋ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা দণ্ডাদেশ ঘোষণা করেন।
স/শ