সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

এক কাস্ত্রো- ওরা এগারো

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭৭ মিনিট পড়া
এক কাস্ত্রো- ওরা এগারো

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাম্যবাদী বিশ্বের প্রবাদপুরুষ অথবা কিউবার স্বৈরশাসক- ফিদেল কাস্ত্রোকে যিনি যেভাবেই দেখুন না কেন, একটি বিষয় স্বীকার করতে হবে অর্ধশতাব্দী ধরে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামনে উন্নত শিরে কমিউনিজমের ঝান্ডা উড়িয়েছেন তিনি।

 

পুঁজিবাদী গণতন্ত্রের বাইরেও যে রাষ্ট্র পরিচালনার মহৎ উপায় আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উদাহরণ হিসেবে কিউবাকে বিশ্বের সামনে সেভাবে দাঁড় করিয়েছেন তিনি।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর নব্য সাম্রাজ্যবাদী বিশ্বে একটি কমিউনিস্ট রাষ্ট্রের স্বপ্ন দেখা শুধু দুঃসাহস ছিল না, বরং তা ছিল অসম্ভবপ্রায়। যে অসম্ভবকে সম্ভব করেন ফিদেলের নেতৃত্বাধীন বিপ্লবীরা। আমেরিকাজুড়ে যখন পুঁজিবাদের জয়গান ধ্বনিত হচ্ছে, তখন সমাজতান্ত্রিক তরিকায় জনগণকে শামিল করা ছিল ঐতিহাসিক চ্যালেঞ্জ।

 

এই চ্যালেঞ্জের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্র। কিউবায় কাস্ত্রোর নেতৃত্বাধীন বিপ্লব সুসংগঠিত হয় ১৯৫৩ সাল থেকে। একই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডুইট ডেভিড আইজেনহাওয়ার।

 

তিনি বিপ্লব ব্যর্থ করতে সব ধরনের চেষ্টা করেন। কিন্তু তার সামনেই ১৯৫৯ সালে জন্ম নেয় সাম্যবাদী কিউবা। সেই থেকে কাস্ত্রোর মহাপ্রয়াণ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১১ জন প্রেসিডেন্ট এসেছেন। তাদের সঙ্গে টক্কর দিয়ে টিকে থাকতে হয়েছে তাকে।

 

যুক্তরাষ্ট্রের এই ১১ প্রেসিডেন্টের মধ্যে বারাক ওবামা ছাড়া বাকি ১০ জনই ছিলেন কাস্ত্রোর ঘোষিত শত্রু। তাকে প্রাণে মারার অসংখ্য চেষ্টা চালিয়েছেন তারা। এক কাস্ত্রো অর্ধশতাব্দী ধরে ঐতিহাসিক লড়াই করেছেন ১১ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। কেমন ছিল সেই লড়াই, দেখে নেওয়া যাক।

 

আইজেনহাওয়ার বনাম কাস্ত্রো

 

 

১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ক্ষমতায় থাকার সময়ে ফিদেল কাস্ত্রোর উত্থান হয়। কাস্ত্রোর বিপ্লব নস্যাৎ করতে কিউবার তৎকালীন একনায়ক ফুলজেনসিও বাতিস্তাকে অস্ত্র দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টই ছিলেন কাস্ত্রোর সবচেয়ে বড় শত্রু। তার নির্দেশনায় বিপ্লবী সরকার উৎখাতে সিআইএ বে অব পিগস নামে ষড়যন্ত্রমূলক অভিযানের পরিকল্পনা করে।

 

কাস্ত্রোকে হত্যা করতে বারবার চেষ্টা চালায় আইজেনহাওয়ার প্রশাসন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার ঠিক আগে ১৯৬১ সালের জানুয়ারি মাসে তিনিই কিউবার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু কাস্ত্রোকে তিনি দমাতে পারেননি। ষড়যন্ত্রের সব জাল ছিন্ন করে এগিয়ে যায় কিউবার বিপ্লবী সরকার।

 

জন এফ কেনেডি বনাম কাস্ত্রো

 

 

আইজেনহাওয়ারের পর কিউবায় বড় আঘাতটি করেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ১৯৬১ সালের এপ্রিল মাসে সিআইএ বে অব পিগস নামে ফিদেল সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযান পরিচালনা করে। ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাসে কিউবার ওপর অবরোধ আরোপ করেন কেনেডি। ১৯৬৩ সালে কেনেডি গুপ্তহত্যার শিকার হন। তবে তাদের কিউবাবিরোধী ষড়যন্ত্র থেমে থাকেনি। কিন্তু পরাস্ত হননি কাস্ত্রো।

 

লিন্ডন বি জনসন বনাম কাস্ত্রো

 

 

কাস্ত্রোকে হত্যার পরিকল্পনা নবায়ন হয় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জনসনের আমলে। কিউবাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে উঠেপড়ে লাগেন তিনি। সোভিয়েত ব্লকে কিউবার নিকেল বিক্রি বন্ধ করতে জোর কূটনৈতিক চেষ্টা চালান এই প্রেসিডেন্ট। সেই সঙ্গে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরো কঠিন করেন।

 

কাস্ত্রোকে গুপ্তহত্যার ষড়যন্ত্রে অনুমোদন দেন এবং তার বিরোধী গেরিলা গোষ্ঠীকে কাস্ত্রোর ওপর লেলিয়ে দেন ১৯৬৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা জনসন। কিন্তু কোনো কিছুতেই কাস্ত্রোকে দুর্বল করতে পারেননি তিনি ও তার শক্তিশালী প্রশাসন।

 

রিচার্ড নিক্সন বনাম কাস্ত্রো

 

 

পূর্বসূরিদের ধারাবাহিকতা ধরে রেখে কাস্ত্রোবিরোধী কর্মকাণ্ড প্রবল করেন রিপাবলিকান প্রেসিডেন্ট নিক্সন (১৯৬৯-১৯৭৪)। আইজেনহাওয়ারের হাত ধরে কাস্ত্রোবিরোধী যে ষড়যন্ত্র তৈরি হয়, নিক্সন তা আরো এক ধাপ এগিয়ে নেন। সোভিয়েত ব্লকে কিউবার নিকেল বিক্রি বন্ধ করতে তিনিও তৎপর ছিলেন। কিছুটা সফলও হন। কিন্তু তাতে মাথা নত করেনি কাস্ত্রোর কিউবা।

 

জেরাল্ড ফোর্ড বনাম কাস্ত্রো

 

 

আগের চার প্রেসিডেন্টের পথ ধরে ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা ফোর্ড তার শাসনামলে কিউবার বিরুদ্ধে তৎপরতা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান। তার সময়ে কিউবার বিদেশি মিশনে হামলা ও কিউবার একটি বিমানে হামলা হয়, যাতে নিহত হন ৬৩ জন।

 

তবে তিনি কিউবাবিরোধী অবরোধ কিছুটা শিথিল করে একদল ব্যবসায়ীকে কিউবায় যাওয়ার অনুমোদন দেন। এ পর্যায়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্কের উন্নতি বলার মতো কিছু নয়।

 

জিমি কার্টার বনাম কাস্ত্রো

 

 

ফোর্ডের শাসনামলে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নে যে উদ্যোগ গৃহীত হয়, তা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে আরো কিছুটা প্রশস্ত হয়। তার সময়ে কিউবায় যুক্তরাষ্ট্রের স্বার্থবিষয়ক ও যুক্তরাষ্ট্রের কিউবার স্বার্থবিষয়ক সেকশন খোলা হয়। যুক্তরাষ্ট্রে নির্বাসিত কিউবানদের নিজ দেশ ভ্রমণের অনুমতি দেন কার্টার।

 

১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা অবস্থায় কিউবার সঙ্গে সমুদ্রসীমা চুক্তিতে সই করেন তিনি। কিউবার সঙ্গে শত্রুতা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় কার্টারকে। প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ২০০২ ও ২০১১ সালে তিনি কিউবা সফর করেন। তবে কাস্ত্রোর সাম্যবাদী আদর্শের সরকার কূটনৈতিক পর্যায়ে দরা-কষাকষিতে মাথা নিচু করেনি কখনো।

 

রোনাল্ড রিগান বনাম কাস্ত্রো

 

 

জিমি কার্টার কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নে যে উদ্যোগ নেন, রিপাবলিকান প্রেসিডেন্ট রিগানের সময় তা মুখ থুবড়ে পড়ে। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা রিগানের সময় কিউবার ওপর অবরোধ শিথিলের যে চেষ্টা হয়, তা আবার ঘুরে যায়। কিউবা থেকে নির্বাসিতরা গড়ে তোলেন কিউবান-আমেরিকান ফাউন্ডেশন, কাস্ত্রোবিরোধী রেডিও ও টেলিভিশন স্টেশন গড়ে ওঠে রিগানের আমলে।

 

জর্জ এইচ ডব্লিউ বুশ বনাম ফিদেল

 

 

১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট সিনিয়র বুশের আমলে কিউবার ওপর অর্থনৈতিক অবরোধ আরো জোরদার করা হয় টোরিসেলি চুক্তির মাধ্যমে। কিউবার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখায় তৃতীয় বিশ্বের দেশগুলোকে সহযোগিতা দেওয়া বন্ধ করে শাস্তি দেয় যুক্তরাষ্ট্র। এ সময় বন্ধুদেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবরোধ মোকাবিলা করেন কাস্ত্রো।

 

বিল ক্লিনটন বনাম কাস্ত্রো

 

 

সিনিয়র বুশের পথ ধরে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ক্লিনটন টোরিসেলি চুক্তি বাস্তবায়ন করেন এবং হেলমস-বার্টন চুক্তি অনুমোদন করে কিউবার ওপর অবরোধ জোরদার করেন। এ দুই চুক্তির ফলে কিউবা কোণঠাসা হয়ে পড়ে।

 

১৯৯৪ সালে হাতে তৈরি নৌকা ও রাবারের নৌকায় ৩৬ হাজার কিউবান নিজ দেশে পাড়ি জমান। ক্লিনটন নতুন অভিবাসন চুক্তি স্বাক্ষর করেন, তবে ফিদেলবিরোধী তৎপরতাকে সমর্থন করেন। সব ঝঞ্ঝা সামাল দিয়ে কিউবাকে অটল রেখেছেন কাস্ত্রো ।

 

জর্জ ডব্লিউ বুশ বনাম ফিদেল

 

 

কিউবা ইস্যুতে বাবা সিনিয়র বুশ ও বিল ক্লিনটনের দেখানো পথে আরো প্রবলভাবে এগিয়ে যান রিপাবলিকান প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। কাস্ত্রোবিরোধী গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা বাড়িয়ে দেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিতদের কিউবায় ভ্রমণে নিয়ন্ত্রণ আরোপ করেন। তবে সীমিত পর্যায়ে খাদ্যপণ্য বাণিজ্যের অনুমোদন দেন তিনি।

 

২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডব্লিউ বুশের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্কের দৃশ্যত কোনো উন্নতি হয়নি। তার শাসনামলে ২০০৮ সালে কাস্ত্রো কিউবার রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতা ত্যাগ করেন। কিউবার প্রেসিডেন্ট হন ফিদেলের ছোট ভাই রাউল কাস্ত্রো। কিন্তু নেপথ্যে থেকে দেশ পরিচালনায় নির্দেশনা দিয়ে যান কাস্ত্রো।

 

বিপ্লবী রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রো ১৯৫৯ থেকে ২০০৮ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১০ জন প্রেসিডেন্টকে মোকাবিলা করে তাদের নাকের ডগায় টিকিয়ে রাখেন তার স্বপ্নের সাম্যবাদী কিউবা। ফিদেল কাস্ত্রোর ভাষায়, এ সময় তাকে প্রায় ৬৩৮ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি বেঁচে ছিলেন ইতিহাসের মধ্য দিয়ে।

 

বারাক ওবামা বনাম ফিদেল কাস্ত্রো

 

 

কাস্ত্রো কিউবার রাষ্ট্রক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন বারাক ওবামা। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতিতে ওবামা কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নে কথা বলেছিলেন।

 

নির্বাচনী প্রচারের সময় ক্ষমতায় ছিলেন কাস্ত্রো। ওবামা ক্ষমতায় আসার পর নির্বাসিত কিউবানদের ওপর থেকে কিউবা সফরের কড়াকড়ি তুলে নেওয়া হয়। কিউবার সঙ্গে অভিবাসন নিয়ে সংলাপ শুরু করেন তিনি।

 

ওবামার শাসনামলে ২০১৪ সালের ডিসেম্বরে মাসে ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল উভয়েই সম্পর্কোন্নয়নের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের জুলাই মাসে উভয় দেশে দুই দেশের দূতাবাস খোলা হয়।

 

২০১৬ সালের মার্চ মাসে কিউবা সফর করেন ওবামা। ১৯২৮ সালের পর যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট হিসেবে ওবামার সফরই ছিল কিউবায় প্রথম।

 

কিউবায় একদলীয় শাসনব্যবস্থা কায়েম করায় শক্তিশালী গণতান্ত্রিক দেশে কাস্ত্রোর অনেক সমালোচনা আছে। পুঁজিবাদী নেতারা তাকে স্বৈরশাসক বলেও অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাস্ত্রোর মৃত্যুতে এক প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি ছিলেন স্বৈরশাসক। (স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে ফিদেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন)।

 

বলার অধিকার সবার আছে। ফলে ট্রাম্প বলতেই পারেন। কিন্তু সত্য বিচারের দায়িত্ব ইতিহাসের। কাস্ত্রো কেমন ছিলেন তার ভার আমরা ইতিহাসের ওপর ছেড়ে দিতে পারি। তবে যা আবারও বলতে হয়, এক কাস্ত্রোর কাছে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্ট।

 

পুঁজিবাদের সুনামির বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠার দীর্ঘ লড়াই ইতিহাসে অমর হয়ে থাকবে। আর এ ইতিহাসের নায়ক ফিদেল কাস্ত্রো। কমিউনিস্ট কিউবায় যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের সূর্য কখনো ওঠেনি, আশা করি উঠবেও না।

সূত্র :রাইজিংবিডি