সিল্কসিটিনিউজ ডেস্ক:
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নির্যাতন ও নির্বিচার আটকাদেশের ‘অন্ধকার যুগ’ ফিরিয়ে আনার অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩ পৃষ্ঠার একটি নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, নির্বাহী আদেশে স্থগিতকৃত ‘ব্ল্যাক সাইট’ কারাগার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘শত্রু পক্ষের আটক ও জিজ্ঞাসাবাদ’ (ডিটেনশন অ্যান্ড ইন্টারোগেশন অব এনিমি কমব্যাট্যান্টস) ধীর্ষক ওই নথির সূত্রে জানা যায়, বুশ যুগে চালু থাকা সিআইএ-র গোপন কারাগারব্যবস্থা বা ব্ল্যাক সাইট প্রিজনগুলো আবারও চালু করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। অবশ্য এই নথিতে শিগগির কোনও গোপন কারাগার খোলা অথবা নির্যাতনের পদ্ধতি ফিরিয়ে আনার ব্যাপারে কিছু বলা হয়নি। তবে এই দুই ক্ষেত্রে উচ্চৎর পর্যায়ের নীতি বিশ্লেষণ করার সুপারিশ করা হয় ওই নথিতে।
ওই নথি ফাঁসের পর ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার পরিচালক নওরিন শাহ বলেন, ‘কাঠামোগত নির্যাতন ও গোপন কারাগারব্যবস্থা পুনরায় খোলার সিদ্ধান্তটি বিব্রত ও অবমাননাকর। এটাই ট্রাম্প প্রশাসন, যারা নির্বাচনের সময় সবচেয়ে প্রতিক্রিয়াশীল মন্তব্য করেও ভালো ফল পেয়েছে।’
সমালোচকদের মতে, বিতর্কিত তদন্ত ও জিজ্ঞাসাবাদের ব্যবস্থা ফিরিয়ে আনা হলে তা মুসলিম দেশ ও মিত্রদের মাঝে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবে।
খসড়া নথিতে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ’-এর জায়গায় বলা হয় ‘র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াই’। ট্রাম্প তার নির্বাচনি প্রচারণাতেও বহুবার এই বক্তব্য ব্যবহার করেছেন।
এক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ সিআইএ কর্মকর্তা ‘ব্ল্যাক সাইট’ জিজ্ঞাসাবাদ পদ্ধতি ফিরিয়ে আনার পক্ষে নন। তিনি আরও জানান, কর্মকর্তাদের মধ্যে নতুন প্রশাসনের ওপর আস্থাহীনতাও রয়েছে।
তবে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে রয়েছেন ‘বিতর্কিত’ সিআইএ প্রধান মাইক পম্পেও। এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‘সমন্বিত জঙ্গিবাদ’ রুখতে কী করা যায় তা নিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস এবং সিআইএ প্রধান মাইক পম্পেও-র সঙ্গে আলোচনা করবেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










