সিল্কসিটিনিউজ ডেস্ক:
মালয়েশিয়া উপকূলে ইন্দোনেশিয়ার অবৈধ অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় বুধবার আরও দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনও ২০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশীয় মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সির মুখপাত্র জানান, সেখানে নৌকাডুবির ঘটনায় সোমবার ১০ জন, মঙ্গলবার চারজন ও বুধবার দু’জনের লাশ উদ্ধার করা হয়।
কিছু লাশ মালয়েশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্জিং শহরের কাছের একটি সমুদ্র সৈকত এবং অন্যগুলো সমুদ্র থেকে উদ্ধার করা হয়।
একটি নৌকাতে করে ইন্দোনেশিয়ার অবৈধ প্রায় ৪০ অভিবাসীকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
ওই মুখপাত্র জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার অনুসন্ধান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে তা আবার শুরু করা হয়।
২৭ ফুট দীর্ঘ এ নৌকার যাত্রী ধারণক্ষমতা ছিল মাত্র ১৫ জনের। নৌকাটি ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপ থেকে মালয়েশিয়া যাচ্ছিল।
সূত্র: বাংলা ট্রিবিউন










