সিল্কসিটিনিউজ ডেস্ক:
আর মাত্র কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে আজ শপথ পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
গ্রিনিচ মান সময় বিকেল পাঁচটায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি হওয়ার কথা। এরপর পেনসিলভানিয়া এভিনিউ ধরে এক শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। সেখানে হাজার হাজার সমর্থক যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।
তবে তার আগেই শুরু হয়ে যাবে শপথ গ্রহণের দিনব্যাপী অনুষ্ঠান।
লিংকন মেমোরিয়ালে হবে এক পাবলিক কনসার্ট। ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আরলিংটন জাতীয় সমাধিতে ফুল দেবেন যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মরণে।

বিদায়ী প্রেসিডেন্ট ওবামা এবং ফার্ষ্ট লেডি মিশেল ওবামা ছাড়াও আগের সব মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেসের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন।
নির্বাচনে হেরে যাওয়া হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও সেখানে থাকবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রায় আট থেকে নয় লক্ষ মানুষ আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন ডিসির রাস্তায় ভিড় করবেন।
তবে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেমন আছেন, তেমনি থাকবেন তার বিরোধীরা, যারা বিক্ষোভ করার জন্য সেখানে যাচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
হাজার হাজার পুলিশ আজ সতর্ক পাহারায় থাকবে, জনতাকে সামলে রাখার জন্য তৈরি রাখা হয়েছে মাইলের পর মাইল ব্যারিকেড।
সূত্র: বিবিসি বাংলা










