ধর্ম

আট বছরেই হাফেজ হলো তালহা

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক :
আড়াইহাজারে আট বছর আট মাস বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে হাফেজ শামসুল ইসলাম তালহা। সে উপজেলা হাইজাদী ইউনিয়নের বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র। মুফতি আবদুল কাইয়ুমের কাছে তালিম নেয় তালহা।
গত ৫ জানুয়ারি সাহাবায়ে সালেহীন ইসলামী পাঠাগারের উদ্যোগে সোনারগাঁ বরাব স্কুলে ভিআইপি কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। খুদে কারি হাফেজ শামসুল ইসলাম তালহা তাদের সঙ্গে লড়াই করে প্রথম স্থান অধিকার করে। এবার সে রমজানে বিভিন্ন টিভি চ্যানেলের হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।
তালহার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার পাটগাতি গ্রামে। তার বাবা হাফেজ শহিদুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি মসজিদে ইমামতি করেন। মা গৃহিণী। দুই ভাই এক বোনের মধ্যে তালহা মেজ। হাফেজ শহিদুল ইসলাম ছেলে তালহাকে হাফেজ করার জন্য ঐহিত্যবাহী বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি আবদুল কাইয়ুমের হাতে তুলে দেন। মাদ্রাসার সভাপতি আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি জানান, পবিত্র কোরআন পাঠ করার জন্য আল্লাহ তালহাকে যে সুমধুর কণ্ঠ দিয়েছেন, তা পরিচর্যার পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জনে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সূত্র : সমকাল