সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর শান্তিনগরে আওয়ামী লীগের এক নেতার বাসায় ঢুকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর মা গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে শান্তিনগরের চামেলীবাগে ৩৩ নম্বর বাড়ির ছয়তলায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতার নাম আলী রেজা খান। তিনি বর্তমানে আওয়ামী লীগের থানা কমিটির সদস্য।

পুলিশের ধারণা, ডিশ লাইনের ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। আলী রেজা এ ব্যবসার সঙ্গে জড়িত।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলী রেজা খান ওই বাসায় পরিবার নিয়ে থাকেন। আজ মাগরিবের নামাজের সময় সেখানে সন্ত্রাসীরা হামলা চালায়।
এ বিষয়ে আলী রেজা খান জানান, সন্ধ্যা ৬টার দিক দু-তিনজন লোক তাঁর বাসার কলবেল চাপে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ‘তাদের গুলিতে আমার মা শারমিন সুলতানা (৬৫) আহত হয়েছেন।’ ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছেন না বলে জানান আলী রেজা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিব্ধ নারীকে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাঁর কোমরের নিচে গুলি লেগেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী রেজা খানের বাসায় এ ঘটনা ঘটেছে। ওসি জানান, আলী রেজা খান ডিশ লাইনের ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ব্যবসা নিয়ে কিছু লোকের সঙ্গে তাঁর বিবাদ ছিল। আর এ কারণেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
সূত্র: এনটিভি









