ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ভিজিডি কার্ডের তালিকায় অনিয়মের প্রতিবাদ করায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন ৯ জন মেম্বারকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি উল্লেখ করে রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ৯ জন ওয়ার্ড সদস্য।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক ফজলার রহমান বলেন, তারা আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে জানা গেছে- চেয়ারম্যান ফয়েজ উদ্দিন সকল ইউপি সদস্যদের নিয়ে গত বছরের ২২ ডিসেম্বর ইউপি পরিষদ চত্বরে ভিজিডি কার্ড তৈরির জন্য একটি সভা আহবান করেন। উক্ত সভায় ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলেন ৯ ইউপি সদস্য। এক পর্যায়ে চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সাথে ইউপি সদস্যদের মধ্যে বাক্বিতন্ডা শুরু হয়।

একপর্যায়ে চেয়াম্যান ফয়েজ উদ্দিন উত্তেজিত হয়ে ওই সকল ইউপি সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়। এছাড়া পরদিন চেয়ারম্যান ইউপি চত্বরে প্রকাশ্যে ৯ ইউপি সদস্যদের গুলি করে হত্যা করবে বলে হুমকি দেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে- চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে ভিজিডি কার্ডের তালিকা প্রস্তুত করেছেন।
অন্যদিকে গত বছরের পহেলা ডিসেম্বর থেকে সকল প্রকার বরাদ্দকৃত সুযোগ সুবিধা থেকে ওই সদস্যদের বঞ্চিত করেন চেয়ারম্যান। এমনকি ইউপি ভবনের একটি পরিত্যক্ত টিনসেডের ঘর নিলাম ছাড়াই বিক্রয় করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি ভিত্তিহীন, ইউপি সদস্যরা আমাকে হয়রানী লক্ষে এসব অভিযোগ করছেন।
স/আ









