ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা ওরফে মতিন (৩৩) কে আটক করেছে পুলিশ। সে মহারাজপুর ইউনিয়নের জোড়া বকুলতলা এলাকার কুতুবুল ইসলাম ওরফে মংলুর ছেলে।
সদর মডেল থানার ওসি মাযহারুল ইসলাম জানান, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর মডেল থানার এসআই শেখ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সোহেল রানা ওরফে মতিন (৩৩) কে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ি হতে আটক করে।
ইয়াবা ট্যাবলেটগুলি পলিথিনের ভেতর করে বিভিন্ন রংয়ের সুতা দিয়ে বেঁধে কাগজে মুড়িয়ে একটি প্রেসার কুকারের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ছিল বলে জানান ওসি মাযহারুল। এদিকে আটক মতিনের বিরুদ্ধে রাতেই আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়।
স/শ










