সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মৃত্যুর মুখেও অটুট বন্ধুত্ব

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
মৃত্যুর মুখেও অটুট বন্ধুত্ব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুই দিন ধরে মাথার ওপর দিয়ে একের পর এক ট্রেন চলেছে, তবু বন্ধুকে ছেড়ে যায়নি। ট্রেনে কাটা পড়ে মরতে পারত! তারপরও হাড়হিম ঠান্ডায় অসুস্থ বন্ধুর পাশে মৃত্যুর ভয় উপেক্ষা করে অনিদ্র প্রহরী হয়ে থেকেছে।


রেললাইনের ওপর দুই সারমেয়র (কুকুর) মধ্যে বন্ধুত্বের এক বিরল নজির দেখা গেল। লাকি ও পান্ডা নামের এই দুই সারমেয় ইউক্রেনের উজগোরোদ নামক স্থানে রেললাইন দিয়ে হাঁটছিল। এ সময় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে লাকি, আর উঠতে পারেনি। তাই বলে প্রিয় বন্ধু লাকিকে ছেড়ে চলে যায়নি পান্ডা।


লাকি-পান্ডার বন্ধুত্বের গল্প যে কারো মনে স্থান করে নেবে। লাকি যখন লাইনের দুই পাটির মধ্যে পড়ে ছিল, তখন সব সময় তার পাশে ছিল পান্ডা। একের পর এক ট্রেন এসেছে, পান্ডা সরেনি বন্ধুর কাছ থেকে।


যখন ট্রেন এসেছে লাকির মাথা নিচু করিয়ে দুজনে আঁটসাঁট হয়ে থেকেছে লাইনের ওপর। দুই দিনে কয়েকবার ট্রেন চলেছে তাদের মাথার ওপর দিয়ে। প্রতিবারই লাকিকে এভাবে বাঁচিয়েছে পান্ডা। খবরের সঙ্গে দেওয়া ভিডিওটি খেয়াল করে দেখলে বোঝা যাচ্ছে, পান্ডা কীভাবে তার বন্ধু লাকিকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করেছে। ঠান্ডায় কাতর বন্ধুর দেহের সঙ্গে মিশে থেকে তাকে তাপ দিয়েছে পান্ডা। দুদিন তারা কী খেয়েছে, তা কেউ দেখেনি। হয়তো খায়নি। তবু বন্ধুত্ব টলেনি।


স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ডেনিস মালাফেয়েভ নামে এক ব্যক্তি সারমেয় দুটি উদ্ধার করেন। লাকি-পান্ডার কাছে পৌঁছানোর আগেই একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়, এ দৃশ্য তিনি ধারণ করেন।


কষ্টের এ দুই দিনে তাদের মাথার ওপর দিয়ে ঝড় তুলে বহুবার চলেছে ট্রেন। উদ্ধারের পর গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়ও লাকির প্রতি খেয়াল রাখছিল পান্ডা।


মালাফেয়েভ জানিয়েছেন, লাকি নামের সারমেয়টি কীভাবে আহত হয়, তা জানা যায়নি। লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেটি আঘাত পেয়ে থাকতে পারে। তবে যেভাবে অসুস্থ হোক না কেন, লাকির প্রতি পান্ডার যে টান, তা বন্ধুত্বের ব্যাখ্যায় নতুন সংযোজন হতে পারে।

সূত্র:রাইজিংবিডি