ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমনুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই এলাকার অভিভাবকরা সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অভিভাবক সমাবেশে মিড-ডে মিল চালুর সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শ্রেণীভেদে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা নেয়া হয়। বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী চাঁদা পরিশোধ করে। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত মিড-ডে মিল চালু করা হয়নি।

এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তোলা টাকা আত্মসাৎ করেছেন বলে সন্দেহ করছেন অভিভাবকরা। মিড-ডে মিল সম্পর্কে অন্য শিক্ষক-শিক্ষিকারাও কোনো তথ্য দিতে পারেন নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেয়া ওই লিখিত অভিযোগে ২২ জন অভিভাবকের স্বাক্ষর রয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সিল্কসিটি নিউজকে বলেন, মিড-ডে মিলের জন্য তোলা টাকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে। যখন টাকা তোলা হয় তার পরে জেলা প্রশাসক মারা যাওয়ার কারণে মিড-ডে মিল চালু করা হয়নি। আগামী মাস থেকে চালু করা হবে।
তিনি আরও বলেন, এলাকার কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ করেছে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার তার তদন্ত করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স/শ









