ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে গত শনিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তির উদ্ধারকৃত লাশের পরিচয় পেয়েছে পুলিশ।
বিভিন্ন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান সিল্কসিটি নিউজকে জানান, উদ্ধারকৃত মৃত ব্যক্তি ভারতের মালদাহ জেলার ১৬ মাইল থানার পারদেওনাপুর গ্রামের কাশিম শেখের ছেলে মানিকুল শেখ (৪২)। সে একজন গরুর রাখাল বলে জানাগেছে। গত ১৫ ডিসেম্বর রাতে পদ্মা নদীতে গরু নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় প্রচন্ড শীতে সে মারা যায় ধারণা করা হয়। তার লাশ ভেসে গোদাগাড়ী এলাকার পদ্মা নদীর কিনারায় পড়ে থাকে।
খবর পেয়ে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা তার লাশ উদ্ধার করে নিয়ে এসে উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মা নদীর তীর তেলিপাড়া এলাকায় ফেলে রাখে। পরে খবর পেয়ে থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ সূত্র জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) কাছে মানিকুলের লাশ ফেরৎ চাইলে উভয় দেশের আইন মোতাবেক পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।
সূত্র আরও জানায়, উদ্ধারকৃত লাশের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে ৩-৪ জন ব্যক্তি একটি কালো মাইক্রোবাসে করে মরদেহটি উজিরপুরের পদ্মা নদীর তীর তেলিপাড়া নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
স/শ









