সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও লেগুনার সংঘর্ষে এক নারী ও লেগুনাচালকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন।

আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারী।
এখনও পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে আহতরা হলেন নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২) ও নাজমুল হক (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বন্দরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়।
সূত্র: কালের কণ্ঠ









