চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের প্রস্তুতকৃত চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলার প্রশ্নপত্র ভুলেভরা ছিল বলে অভিযোগ উঠেছে। রোববার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোগে একযোগে বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার একটি প্রশ্নপত্র সাংবাদিকদের পৌছে দেন এক অভিভাবক।
এতে দেখা গেছে, প্রশ্নপত্রে পূর্ণমান ১০০ লেখা থাকলেও প্রশ্ন রয়েছে ৯৫ নম্বরের। এছাড়া ১ নম্বর প্রশ্নের পাঁচটি প্রশ্নের মধ্যে চার নম্বর প্রশ্ন ছিল পাহাড়পুর বিহারে কত মানুষ থাকার মতো ব্যবস্থা ছিল? ওই প্রশ্নের চারটি উত্তর লেখা হয়েছে এভাবে- ৫০০ শত, ৬০০ শত, ৭০০ শত, ৮০০ শত। বানানরীতি অনুযায়ী যেটি লিখতে হবে ৫শত বা ৫০০ এ ভাবে। এছাড়া অনেক ক্ষেত্রে রয়েছে বানান ভুল।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৫ নম্বর প্রশ্নে ‘উনসত্তরের অভ্যুত্থান’ এর স্থলে ‘উণসত্তরের অভ্যুত্থান’, ‘ভাষার দাবিতে’ এর স্থলে ‘বাষার দাবিতে’ লেখা হয়েছে। ১৪ নম্বর প্রশ্নে পাখি নিয়ে রচনা লিখতে বলা হয়েছে। যেখানে পাখির রচনার ক্ষেত্রে একই সঙ্গে ‘ভূমিকা’ ও ‘সূচনা’ লিখতে বলা হয়েছে। গরুর রচনার ক্ষেত্রে লেখা হয়েছে ‘খাবার উপকারিতা’। সেখানে খাবার শব্দটি অতিরিক্তভাবে লেখা হয়েছে।

কয়েকজন শিক্ষক সিল্কসিটি ন্উিজকে জানান, এত ভুলেভরা প্রশ্নে শিক্ষার্থী প্রশ্নের উত্তর করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে শিক্ষকদের। অথচ এ প্রশ্নপত্র প্রণয়ন করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে প্রশ্নপত্র প্রণয়ন কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি প্রশ্ন করে দেবার পরে প্রশ্নপত্রগুলো প্রুফ কমিটি দেখে প্রেস প্রণয়ন করা হয় যাতে প্রশ্নপত্রে কোন ভুল না থাকে। এরপরও যখন প্রশ্নপত্রে এত ভুল ছিল, তখন বলা যেতেই পারে যে সংশ্লিষ্টদের গাফলতির কারণেই এটা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের প্রশ্নপত্রে এমন ভুল করা তাদের উপর নেকিবাচক প্রভাব ফেলবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বে) তাসেম আলী জানান, প্রশ্নপত্রগুলো প্রণয়ন করার পর প্রুফ দেখা হয়েছিল তারপরও কিভাবে ভুল হল বিষয়টি খতিয়ে দেখা এবং আগামীতে সঠিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন।
স/শ









