ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি গোলাম রাব্বানীর সাবেক গাড়ি চালক নূরে আলম পিন্টুকে (৩৩) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার কার্যালয়ের সামনে থেকে দূর্বৃত্তরা অপহরণ করে বলে তার পিতা আব্দুল মোকিম মাস্টার অভিযোগ করেছেন। পিন্টুর বাড়ি পৌর এলাকার জগন্নাথপুর গ্রামে।
পিন্টুর পিতা আব্দুল মোকিম মাস্টার অভিযোগ করেন, টাকা-পয়সার লেনদেন নিয়ে শিবগঞ্জ বাজারের কয়েকজনের সঙ্গে পিন্টুর ঝামেলা চলছিল। পিন্টু ওইসব লোকদের কাছে টাকা পেতো। রোববার দুপুরে শিবগঞ্জ পৌরসভায় দু’পক্ষের মধ্যে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সালিশের জন্য বেলা সাড়ে ১১টার দিকে পিন্টু তার সঙ্গী বেনজিরকে নিয়ে পৌরসভায় যাচ্ছিলেন। এ সময় পৌরসভার প্রবেশ মুখে একটি সোনালী রঙের মাইক্রোবাস থেকে ৪-৫ জন নেমে জোর করে পিন্টুকে তুলে নিয়ে মুখ ও হাত বেঁধে ফেলে। সঙ্গী বেনজির লোক ডাকাডাকি করলে মাইক্রোবাসটি পিন্টুকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে উঠে দ্রুত চাঁপাইনবাবগঞ্জের দিকে চলে যায়।
তিনি আরও বলেন, পিন্টু গত কয়েক বছর ধরে এমপি রাব্বানীর গাড়ি চালক ছিলেন। কিছুদিন আগে টাকা-পয়সা নিয়ে এমপির আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ হলে তাকে কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি দেয়া হয়। এরপর থেকেই পিন্টুর সঙ্গে এমপির লোকদের ঝামেলা চলছিল বলেও জানান পিন্টুর পিতা আব্দুল মোকিম।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সরোয়ার রহমান সিল্কসিটি নিউজকে বলেন, ‘পিন্টুর পিতা এবিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, পিন্টুর কাছে অনেকের টাকা-পয়সা পাওয়ার খবর শুনেছি। তবে কারা এ অপহরণের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
স/শ









