কামাল হোসেন, ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাধারণ জনগণের যাতায়াতের পথ নিশ্চিত করতে বিভিন্ন সময়ে ৫০৭টি ব্রীজ-কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু প্রায় অর্ধশতাধিক ব্রীজ-কালভোর্ট দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিস্ট এলাকার বাসিন্দাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দুলর্ভপুর, শ্যামপুর, বিনোদপুর, শাহবাজপুর, কানসাট, চককির্তি, পাঁকা, নয়ালাভাঙ্গা এলাকায় প্রায় অর্ধশতাধিক ব্রীজ কালভার্ট ভেঙ্গে নষ্ট হয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দুলর্ভপুর ইউনিয়নের তর্তিপুর ঘাটের উপরের ছোট ব্রীজ। এটি প্রায় ২০ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কর্তৃপক্ষ নির্মাণ করে। ব্রীজটি নির্মাণের পর থেকেই দুই ধারে মাটি ভরাট না করাই সেটি ব্যবহার করতে পারছে না এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ- ব্রীজটির পাশে মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হলেও মাটি ভরাট করা হয়নি।
এছাড়া কানসাট-বিনোদপুর সড়কে পাগলা নদীর উপর নির্মিত ব্রীজটির উপর অংশের অনেক জায়গা ভেঙ্গে ছোট বড় একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। সেটা দ্রুত সংস্কার করা না হলে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানেরাও ভোগান্তির কথা জানান। সেই সাথে দ্রুত সংস্কারের আহ্ববান জানান।
দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজু জানান, এ ইউনিয়নের জগন্নাথপুর জোয়াদ্দার পাড়ায় একটি ও পিয়ালী মারি-ঘুঘু ডাঙ্গায় দুটি, বালুটুঙ্গিতে একটি এছাড়া আটরশিয়া বোগলাউড়ি রাস্তায় একটি ব্রীজ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।
শাজবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, নামোচাকপাড়া গ্রামে একটি, পারদিলালপুরে একটি ও সন্ন্যাসি পাড়ায় একটি কালভার্ট ভেঙ্গে নষ্ট হয়ে রয়েছে।
চককির্তি ইউপি চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম জানান, তার ইউনিয়নের লহালামারিতে একটি, আঁখিরাতে একটি, পিরোনটোলাতে একটি, কর্তিবাড়িতে একটি কালভার্ট ভেঙ্গে চলাচলের অনুপযোগি হয়েছে।
দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, তার ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের একটি ব্রীজ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।
পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তার ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের একটি ব্রীজ ভেঙ্গে যাওয়ায় লোকজন চলাফেরা করতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান শামশুল হক জানান, তার এলাকার হঠাৎপাড়ার একটি কালভার্ট ভেঙ্গে রয়েছে। নয়ালাভাঙ্গা ইউপি চেয়ারম্যান আশরাফুল হক জানান, তার এলাকার ঢোড়বোনা ও চন্ডিপুর গ্রামে দুটি ব্রীজ ভেঙ্গে নষ্ট হয়ে রয়েছে।
বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, লছমনপুর এলাকার একটি ব্রীজ ভেঙ্গে নষ্ট হয়ে থাকায় সেখানকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম জানান, গোপাল নগর, উপর কয়লা, কয়লা দিয়াড়, বটতলা, সন্ন্যাসি গ্রাম, সদাশিবপুর, চামাভান্ডার, পূর্বশ্যামপুর হাঞ্জাল পাড়া, শিশা পাড়া ও সুডি মিঞ্জার বাড়ি এলাকায় কালভার্ট না থাকায় ওইসব এলাকা দিয়ে চলাচলকারিদের চরম অসুবিধায় পড়তে হয়। তিনি উল্লেখিত স্থানগুলোতে দ্রুত কালভার্ট নির্মাণের জন্য সংশ্লিদের কাছে আবেদন জানান।
কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম জানান, সামজোলা, বালুচর, চকহরিপুর, বাগিতলা, শিবনারায়নপুর, মোহনবাগ ও বালুচর এলাকায় ব্রীজ না থাকায় সেখানে বসবাসরত বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন সিল্কসিটি নিউজ জানান, উপজেলার যেসব কালভার্ট-ব্রীজগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে। এছাড়া যেসব স্থানে নতুন ব্রীজ প্রয়োজন সেগুলোর চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া কানসাট ব্রীজসহ পার্শ্ববর্তী রাস্তা সংস্কারের জন্য ৬৮ লাখ টাকার টেন্ডার হয়েছে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।
স/শ









