সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
মতামত

প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও বাস্তবতা।।ওসমান গনি

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১৩ মিনিট পড়া
প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও বাস্তবতা।।ওসমান গনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য যে সব মৌলিক চাহিদা প্রয়োজন শিক্ষা তার মধ্যে একটি অন্যতম চাহিদা। আমরা জানি যে, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না।

 

পৃথিবীতে যে সমস্ত জাতি নেতৃত্ব দেয়, সে সমস্ত জাতি শিক্ষা দীক্ষায় জ্ঞানে-গুণে অনেক উন্নত। আর শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত হতে পারে না। আমরা ইতিহাসের দিকে তাকিয়ে দেখতে পাই ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে  উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এর সাথে সাথে মানুষের উপর অত্যাচার, জুলুম নিপীড়ন নেমে আসে প্রায় দুইশত বছর চলে এই অবস্থা।

 

তখন থেকে শিক্ষা বঞ্চিত জনগণ আস্তে আস্তে অন্যায়ের প্রতিবাদ শুরু করে। মানুষের মধ্যে অধিকার আদায়ের দাবী-স্বোচ্চার হতে থাকে। মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথ খুঁজতে থাকে। আলোর পথে চলার জন্য মানুষ শিক্ষাকে গ্রহণ করে। কারণ শিক্ষা একমাত্র মানুষকে আলোর পথ দেখায়। যদিও এই সময় ব্রিটিশেরা তাদের তাবেদার সৃষ্টি করার জন্য ইংরেজি ভাব ধারা সম্বলিত শিক্ষা চালু করে। মুসলমানেরা তখন ইংরেজি ভাব ধারা সম্বলিত শিক্ষা গ্রহণ করেনি। তার কারণ শিক্ষার আলো সমাজে তখনো ছড়িয়ে পড়েনি।

 

ব্রিটিশ আমলে টোল, মক্তব ভিত্তিক ও গুরু গৃহে শিক্ষা চালু ছিলো। এলাকার শিক্ষা অনুরাগী বা সমাজ সেবক ব্যক্তির দানের দ্বারা এই টোল, মক্তব ভিক্তিক ও গুরু গৃহ শিক্ষা পরিচালিত হতো। কোন ব্যক্তির বাড়ির উঠানে বা বারান্দায় এই শিক্ষা চলতো। সময়ের প্রয়োজনে মানুষ আস্তে আস্তে টোল ও মক্তব ভিত্তিক শিক্ষার আমূল পরিবর্তন করতে থাকে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে। টোল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থেকে পরবর্তী সময়ে নিন্ম প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। আর নিন্ম প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী ব্যাপ্তি ছিলো ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী  পর্যন্ত।পরবর্তী সময়ে নিন্ম প্রাথমিক বিদ্যালয়কে ৫ম শ্রেণী পর্যন্ত সম্প্রসারিত করে প্রাথমিক বিদ্যালয় নামকরণ হয়।

 
দুইশত বছরের পরাধীনতার শৃংখল থেকে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান রাষ্ট্রের আবার দুইটি অংশ ছিলো যার একটি হলো পশ্চিম পাকিস্তান আর একটি পূর্ব পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অংশ। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর প্রাথমিক বিদ্যালয়ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃদ্ধি পাওয়া তো দূরের কথা প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমতে থাকে। তার প্রধান কারণ আমাদের মাতৃভাষা ছিলো বাংলা। আর পশ্চিম পাকিস্তানীদের মাতৃভাষা ছিলো উর্দু। তার উপর সমস্ত প্রশাসনিক ক্ষমতা ছিলো পশ্চিম পাকিস্তানিদের হাতে। পূর্ব পাকিস্তানের শিক্ষা বিস্তারের জন্য জাতীয় বাজেটের খুব কম পরিমান বরাদ্দ দেওয়া হতো। তারা শিক্ষাকে শুধুমাত্র সমাজের উচ্চ শ্রেণীর জন্য সুযোগ দানের চেষ্টা করে। তাদের মতে সমাজের নিচের শ্রেণীর জন্য শিক্ষা না, তারা শিক্ষাকে পণ্য হিসেবে বিক্রয় করতে চেয়েছিল। আর এর পরিপ্রেক্ষিতে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল। ছাত্র ধর্মঘট চলাকালীন পুলিশের গুলিতে অনেক শিক্ষার্থী হতাহত হয়। পরবর্তীতে পশ্চিম পাকিস্তান সরকার শিক্ষা ব্যবস্থাকে সমাজের সকল শ্রেণী পেশা, ধর্ম ও বর্ণ  মানুষের জন্য উন্মুক্ত করতে বাধ্য হয়।

 

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করি। আমাদের ভূ-খন্ডের নাম হয় বাংলাদেশ। স্বাধীনতার পর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন ২৬ জুলাই ১৯৭২ সালে। প্রথম শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ কুদরাত-ই-খুদা যা পরবর্তীতে ডঃ কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন নামে পরিচিতি হয়। ১৯৭৪ সালে ডঃ কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন রির্পোট পেশ করেন। ডঃ কুদরাত-ই-খুদা কমিশনের প্রাথমিক বিদ্যালয়ের স্তর ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত, বাংলাদেশের জনগনের জন্য প্রাথমিক বিদ্যালয় স্থাপন, শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য জোর সুপারিশ করেন । এছাড়া পাঠ্য সূচী যুগোপযোগী ও মহিলা শিক্ষক নিয়োগ করার উপর জোর দেন। ডঃ কুদরাত-ই-খুদা ১৯৭৪ সালে প্রাথমিক বিদ্যালয় ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত করার সুপারিশ করেছিলেন। তাঁর আলোকে ২০১০ সালের জাতীয় শিক্ষা কমিশনেও প্রাথমিক বিদ্যালয় ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত করার প্রস্তাব পেশ করেন। তা ২০১৬ সালে এসে প্রাথমিক বিদ্যালয় ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত মহান জাতীয় সংসদে পাশ হয়েছে। প্রাথমিক বিদ্যালয় স্তর এখন ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত।

 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য ০১/০৭/১৯৭৩ সালে সারাদেশে একসাথে ৩৭,৬১০ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। শুরু হয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এক নতুন পথ চলার। চারিদিকে প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে পড়ে, শিক্ষার অন্যান্য স্তর ও উন্নতি হতে থাকে। শিক্ষকদের আর্থ-সামাজিক মর্যাদা বাড়ে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০১/০১/২০১৩ সালে আবার ২৬,০০০ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সরকারী আর বেসরকারী বৈষম্য দূর হয়। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ দিনের দুঃখ দূর্দশা দূর হয় তাদের মুখের হাসি ফোটে।

 
১৯৭৪ সালে প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়। ১৯৭৮ সালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী স্থাপন করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে সংক্ষেপে নেপ (NAPE) বলা হয়। প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের গবেষণা, কারিকুলাম তৈরি, প্রাথমিক শিক্ষার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে নেপ। ১৯৮০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য সহকারী শিক্ষা কর্মকর্তার পদ সৃষ্টি করা হয়। ১৯৯০ সালের ৬ ফেব্রুয়ারী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয়। ১৯৯২ সালে ৬৮ টি উপজেলা প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়। ১৯৯২ সালে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালের ১ জানুযারী সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়। ২ জানুয়ারী ২০০৩ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত হয়। প্রাথমিক শিক্ষার যথাযথ মনিটরিং করর জন্য মন্ত্রণালয়ের পরে বিভাগীয় পর্যায়ে রয়েছে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়। তিনি তাঁর অধীনে কয়েকটি জেলার প্রাথমিক বিদ্যালয়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম দেখ ভাল করেন। জেলা পর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিনি তাঁর অধীনে কয়েকটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম দেখ ভাল করেন। প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের ফলে উপজেলা পরিষদ গঠন করা হয়। প্রাথমিক বিদ্যালয় মনিটরিং করার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ সৃষ্টি করা হয়। উপজেলার শিক্ষা কর্মকর্তা তাঁর উপজেলার যাবতীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দেখ ভাল করেন। তাঁকে সাহায্য করেন বিভিন্ন ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ৫৪ টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। যাকে সংক্ষেপে P.T.I বলা হয়। P.T.I এর প্রধান হলেন সুপারিনটেনডেন্ট। তাঁকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করেন সহকারী সুপারিনটেনডেন্ট। ক্লাস পরিচালনা করেন বিভিন্ন ইন্সট্রাক্টরগণ। উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার। উপজেলা রিসোর্স সেন্টারের সার্বিক দেখ ভাল করেন ইন্সট্রাক্টর। তাঁকে সাহায্য সহযোগিতা করেন একজন সহকারী ইন্সট্রাক্টর।

 
প্রাথমিক শিক্ষা একটি Basic Education বা মৌলিক শিক্ষা এই শিক্ষার উপর ভিত্তি করে শিক্ষার অন্যান্য স্তর নির্ভর করে। তাই সবার আগে প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া উচিত। অথচ উন্নত দেশের তুলনায় আমাদের দেশের প্রাথমিক শিক্ষা অনেক পিছিয়ে যেমনঃ- জাপান, দক্ষিন কোরিয়া এমনকি আমাদের প্রতিবেশী সার্কভুক্ত রাষ্ট্র মালদ্বীপ ও শ্রীলংকার প্রাথমিক শিক্ষার হার শতভাগ। সেখানে আমাদের দেশের প্রাথমিক শিক্ষা এখনো অনেক পিছিয়ে। উন্নত দেশগুলো জাতীয় বাজেটের সিংহভাগ প্রাথমিক শিক্ষাসহ অন্যান্য শিক্ষা খাতে ব্যয় করেন। সেখানে আমাদের জাতীয় বাজেটে শিক্ষা খাতে ব্যয় দিন দিন কমে যাচ্ছে। এটা অত্যন্ত দঃখ জনক বিষয়। তবে ২০১৬-১৭ অর্থ বছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট জাতীয় বাজেটের ১৪.৬৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। যা অন্যান্য অর্থ বছরের তুলনায় অপেক্ষাকৃত বেশি।

 
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ আগে উপজেলা পর্যায়ে হতো। বর্তমানে জেলা পর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেন। প্রাথমিক বিদ্যালয়ে ৬০% মহিলা এবং ৪০% পুরুষ শিক্ষক নিয়োগ দেত্তয়া হয়। মহিলা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এইচ.এস.সি পাশ শিক্ষাগত যোগ্যতা বর্তমানে নির্ধারণ করা হয়। আর পুরুষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বি.এ পাশ শিক্ষাগত যোগ্যতা নির্ধারন করা হয়। আমার এখানে প্রশ্ন হলো? একজন এইচ.এস.সি পাশের মহিলা শিক্ষক আর একজন বি.এ পাশ পুরুষ শিক্ষক কি সমান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে? অবশ্যই উত্তর হবে না, তবে কেন উভয়ের বেতন কাঠামো একই হয়? এটা আমার কাছে অত্যন্ত একটি দুঃখজনক বিষয়। যখন প্রাথমিক বিদ্যালয়ে এস.এস.সি পাশ শিক্ষাগত যোগ্যতা মহিলা নির্ধারণ করা হয়েছিলো তখন আমাদের দেশে নারী শিক্ষার হার তুলনামূলক কম ছিলো এবং আমাদের দেশের নারীরা অত্যন্ত অবহেলিত ছিলো। তাই তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, যা আমাদের সংবিধানের দ্বারা স্বীকৃত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৮(৪) নং ধারায় উল্লেখ আছে রাষ্ট্র, নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রনয়নের ক্ষমতা পায়। এ ছাড়া নারী শিক্ষকেরা মাতৃস্নেহ দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা দেন, যার ফলে শিক্ষার্থীরা বাড়ীতে মায়ের কাছ থেকে যে আদর, সোহাগ, মায়া, মমতা, স্নেহ, ভালোবাাসা পায় তা একজন মহিলা শিক্ষক দিতে পারে। একজন মহিলা শিক্ষক যেভাবে একজন শিক্ষার্থীকে যত তাড়াতাড়ি আপন করে নিতে পারে একজন পুরুষ শিক্ষকের পক্ষে তা প্রায় অসম্ভব । তবে আশার কথা হলো যে, বর্তমানে আমাদের দেশে নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তাই আমার মতামত হলো, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরুষ ও মহিলা শিক্ষকের সমান যোগ্যতা নির্ধারণ করা প্রয়োজন অর্থাৎ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা বি.এ পাশ হত্তয়া উচিত। যখন বি.এ পাশ শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে তখন বেতন কাঠামোতেও পরিবর্তন আসবে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে এস.এস.সি পাশ থেকে মাস্টার্স পাশ পর্যন্ত শিক্ষক আছেন। ইহার ফলে মিশ্র শিক্ষাগত যোগ্যতার জন্য শিক্ষকদের মন মানসিকতায়  ভিন্নতা দেখা যায় এতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিরাট প্রভাব পড়ে। শিক্ষকদের শ্রেণী পঠন, পাঠন কার্যক্রমে আধুনিক শিক্ষা উপযোগী ধ্যান-ধারণা অবশ্যই প্রয়োগ করতে হবে। বর্তমানে আধুনিক বিশ্বের সাথে সমান তালে চলার জন্য যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, শিক্ষা উপকরণ তৈরি মাল্টিমিডিয়া মাধ্যমে ক্লাস করলে পাঠের বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে অতিসহজ, চিত্তাকর্ষণ ও মনোযোগ আকর্ষণ করবে। এই জন্য শিক্ষকদের শ্রেণী পাঠদানের ব্যাপারে আরও আন্তরিক হতে হবে। শিক্ষকদের কারিকুলাম, শিক্ষার লক্ষ্য, শিক্ষার উদ্দেশ্য ও শিখনফল সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পাঠে কি শিক্ষা দিতে চাচ্ছেন আগে থেকে শিখনফল নির্ধারণ করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে এবং শিক্ষার মাধ্যমে শিখনফল অর্জিত হয়েছে কিনা তা অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

 
আমাদের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামো এখনো উন্নত নয়। কোন কোন বিদ্যালয়ে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন নেই, পানীয় জলের সু-ব্যবস্থা নেই। খেলাধুলার জন্য নেই মাঠ। শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক চর্চার তেমন সুযোগ নেই। খুব কম সংখ্যক বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা হয়। সাংস্কৃতিক চর্চা হলে শিশুদের মধ্যে  ভয় জড়তা দূর হয়। পরবর্তী জীবনে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অঙ্গনের সাথে খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠ হতে পারে। সাংস্কৃতির চর্চা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অবশ্যই প্রয়োজন। এ ব্যাপারে শিক্ষক ও কর্তৃপক্ষের সজাগ হওয়া উচিত। যদিও প্রতিবছর স্কুল, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র এই প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন জাতীয় দিবস যেমনঃ- বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস ও জাতীয় শিশু দিবসে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে যা ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে সহায়তা করবে।

 
বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ে অনেক অবদান রেখেছে তার মধ্যে একটি অন্যতম অবদান হলো বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের সাফল্য আমরা কিছু দিন আগে হয়ে যওয়া এএফসি অনূর্ধব-১৬ মহিলা ফুটবল দলে দেখেছি। যে সমস্ত মেয়েরা এএফসি অনূর্ধব-১৬ মহিলা ফুটবল দলের খেলায় অংশগ্রহণ করেছে তারা সবাই এক সময় বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় ছিলো। আজ তারা এএফসি অনূর্ধব-১৬ মহিলা ফুটবল দলে খেলে বিশাল ব্যবধানে ইরান, সিঙ্গাপুর, কিরকিস্তান, চীনা তাইপো ও আরব আমিরাতকে হারিয়েছে। এই খেলোয়াড়রা ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার খর্দ্দকৌড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আজ বাংলাদেশসহ সারাবিশ্ব এই মেয়েদের খেলা দেখে ধন্য ধন্য করেছে সবাই অবাক হয়ে গেছে। এই মেয়েদের জাতি হাজার বছর স্মরণ করবে। এএফসি অনূর্ধব-১৬ মেয়েদের কথা বাংলাদেশের সবার মুখে মুখে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের স্বপ্ন দৃষ্টতাও রূপকার বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এমন একটি মহৎ ও সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। যেখানে আগে আমাদের দেশের মেয়েরা ফুটবল খেলায় চরম পরাজিত হতো। সেখানে বিশ্বের নামী দামী দেশের খেলোয়াড়দের বিশাল ব্যবধানে হারিয়ে আমরা আজ জয়ী। সত্যিই এটি একটি আনন্দের বিষয় যা বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট যদি না হতো তাহলে হয়তো আজ আমরা এএফসি অনূর্ধব-১৬ ফুটবল দলে জয়ী হতে পারতাম না।

 
বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘ দিনের দাবী ছিলো ২য় শ্রেণীর মর্যাদা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর কর্মকর্তা ঘোষণা করেছেন। কিন্তু দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পেলেও কোন অদৃশ্য কারণে প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামো আজ পর্যন্ত পাননি তা আমার জানা নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যত তাড়াতাড়ি সম্ভব প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামো দেওয়ার জন্য। আগে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন কাঠামো ছিলো। বর্তমানে প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন কাঠামোর ব্যবধান তিন ধাপ নিচে। ইহার ফলে সহকারী শিক্ষকদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। এই বেতন বৈষম্যের সমাধান খুব দ্রুত করা প্রয়োজন। দীর্ঘদিন যাবত সিনিয়র সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ। ইহার জন্য সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সিনিয়র সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। প্রতিদিন খববের কাগজে দেখতে পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিন প্রধান শিক্ষকদের পদ শূন্য থাকার জন্য শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তাই প্রধান শিক্ষক পদে খুব শীঘ্রই পদোন্নতির মাধ্যমে ও নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া আশু প্রয়োজন। সহকারী শিক্ষক থেকে সহকারী পরিচালক পর্যন্ত যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করলে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।

 
বর্তমানে  সরকার ২০০৯ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাবলিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সমাপনী চালু হওয়ার পর প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েছে। ফলাফল ভালো করার জন্য বিদ্যালয়ে বিদ্যালয়ে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রতি বছর ১ জানুয়ারী বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই উপহার দিচ্ছে। ১ জানুয়ারী সরকার সারাদেশে বই উৎসব পালন করছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল মূখী করার জন্য এবং ঝরে পড়ার হার শূন্যের কোটায় নামিয়ে জানার জন্য ১ জুলাই ২০১৫ সাল থেকে শতভাগ উপবৃত্তি চালু করেছে। এটি নিঃসন্দেহে বর্তমান সরকারের একটি সফল উদ্যোগ। শতভাগ উপবৃত্তি চালুর ফলে প্রাথমিক শিক্ষার গুণগতমান ও শিক্ষার্থীর হার উভয় বৃদ্ধি পাবে। যেহেতু প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে শিক্ষার পরবর্তী ধাপগুলো সুচারু ভাবে সম্পাদিত হয়। তাই প্রাথমিক শিক্ষার প্রতি সবচেয়ে সরকারকে বেশি গুরুত্ব দিতে হবে। আধুনিক যুগোপযোগী বিজ্ঞান ও বাস্তব সম্মত প্রায়োগিক শিক্ষা চালু করতে হবে। প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের জনগণ তাহলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটি আদর্শ জাতি হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশ বিশ্বের বুকে তখন নিজস্ব আসন করে নিতে পারবে। তাহলে বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও শোষণহীন সোনার বাংলা।

 

লেখকঃ
সহকারী শিক্ষক
শিক্ষক পিন নম্বর-৯১১১৩০৭০৮০৬০৬
মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়
বাগমারা, রাজশাহী।
মোবাইল নং – ০১৭১৮-২৫৭১৩২