ভ্রাম্যামান প্রতিনিধি:
শিবগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মী শিবগঞ্জ টাউন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী রেসাদ মন্ডল নাদিমের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন শিবগঞ্জ পৌর ছাত্রলীগ।

সোমবার দুপুরে শিবগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে এসআই জাহাঙ্গীরের শাস্তির দাবিতে মানববন্ধন করে সংগঠনটির নেতা কর্মীরা।
সংবাদ সম্মেলনে দাবী করা হয়, ২৮শে অক্টোবর সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী নাদিমসহ আরও ২ জন শিবগঞ্জ থানার দালাল সারওয়ারের বাড়ির সামনে দাড়িয়ে গল্প করছিল। এ সময় সারওয়ার তাদের সঙ্গে দুর্ব্যাবহার করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে শিবগঞ্জ থানার এস আই জাহাঙ্গির আলম কে ডেকে আনে। এরপর এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে এসে তাদের আটকের চেষ্টা করে।
এ সময় ২ জন পালিয়ে যেতে সক্ষম হলেও নাদিমকে এস আই আটক করে প্রকাশ্যেই বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করে থানায় নিয়ে যায়। পরে আবারও থানার মধ্যে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে প্রহার করে। পরের দিন একটি মামলায় আটক দেখিয়ে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম সিল্কসিটি নিউজকে জানান, বখাটে তিন যুবক সন্ধ্যায় রাস্তায় দাড়িয়ে ছাত্রীদের উত্তক্ত করছিল। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
স/শ









