ধর্ম

লালপুরে দেশের বৃহত্তম কালীপূজা ও মেলা শুরু

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

লালপুর  প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমাতা মন্দিরে ৫২৭ তম কালীপূজা ও মেলা শুরু হয়েছে।

 

শনিবার ২৯ অক্টোবর মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে দেশ-বিদেশের হাজারো দর্শকের পদচারণায় ৭ দিনব্যাপী মিলন মেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী শুক্রবার (৪ নভেম্বর) শেষ হবে।

 

জানাযায়, ৫২৭ বছর আগে নবাবী আমলে বর্গীয় হাঙ্গামায় বর্গীদের অত্যাচারে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া থেকে ৬০ঘর কংস বণিক লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করেন। হিন্দু সম্প্রদায়ের এই কাঁসা শিল্পীরা কালীপূজা অর্চনার জন্য খড়ের ঘরে একটি মন্দির নির্মাণ করেন।

 

বাংলা ১৩৩২ সালে জনৈক লাল কেনেডিয়ার স্ত্রী জানকী বাঈয়ের আর্থিক অনুদানে পাকা মন্দির নির্মিত হয়। এছাড়া জমিদার পূণ্য চন্দ্র দাস মন্দিরের নামে প্রায় দেড়’শ বিঘা জমি দান করেন। তবে কালী মন্দির ও গোবিন্দ মন্দির চত্ত্বরের আট বিঘা মতো জমি ছাড়া বাকী জমিগুলো বেদখল হয়ে আছে। প্রতি বছর কার্তিক মাসে এখানে কালীপূজা ও মেলা হয়। মন্দিরে পূজা চলাকালীন প্রতিদিন শতাধিক পাঁঠা বলি হয়ে থাকে। এছাড়া পূজা উপলক্ষে আয়োজিত মেলায় এ বছরেও প্রতি বছরের ন্যায় বিভিন্ন ধরনের শতাধিক দোকান-পাটের সমাগম ঘটেছে।

 
প্রতিমা নির্মাতা লালপুরের জোতদৈবকী গ্রামের সুকুমার চন্দ্র হালদার জানান, কালী প্রতিমার উচ্চতা ৩৩ ফুট। এটিই দেশের সবচেয়ে বড় কালী প্রতিমা।

 
মন্দির কমিটির সভাপতি অখিল কুমার রায় বংশী জানান, পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিসর্জন পর্যন্ত সুষ্ঠুভাবে পূজা পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

স/অ