তানোর প্রতিনিধি:
আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাজশাহীর তানোর উপজেলায় সরকারের আদেশ নির্দেশ বা নীতিমালা লঙ্ঘন করে বেশ কয়েকশ বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করা হয়। এসব অবৈধ সেচ পাম্পগুলোর মধ্যে উপজেলার আকচা গ্রামের মৃত দিদার মৃধার পুত্র আলম মৃধার অবৈধ সেচ পাম্প বিএমডিএ’র হেড অফিস ও উপজেলা সেচ কমিটি গোপনে ও প্রকাশ্যে তদন্ত করেছে বলে জানা গেছে।
উপজেলা সেচ কমিটির সভায় তদন্ত রিপোর্ট পেশ করে এই অবৈধ সেচ পাম্প বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তা তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম।
১৯৮৫ সালের ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা থেকে জানা যায়, ২ হাজার ২’শ ৮৬ ফিট (৬৯৭ মিটার) দূরত্ব বজায় রেখে গভীর নলকূপ বা সেচ পাম্প স্থাপন করা যাবে। ২০০৮ সালের ৪ ডিসেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নীতিমালাটি আবার অনুমোদন দিয়ে পরিপত্র জারি করা হয়। তাছাড়া লাইসেন্স ছাড়া কৃষি কাজের জন্য নলকূপ বা সেচ পাম্প স্থাপন করলে জেল-জরিমানার বিধান রেখে সংসদে আইন পাস হয়েছে। কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৮ নামে এই আইনটিতে একই বিধান রেখে আবরো জারি করা হয়।

বিএমডিএ’র গভীর নলকূপ অপারেটর জানান, আলম মৃধা বিএনপি দলের স্থানীয় দাপটধারী নেতা হবার সুবাদে পেশী শক্তির বলে সরকারের আদেশ নির্দেশ বা নীতিমালা লঙ্ঘন করে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিএমডিএ’র কমান্ড এরিয়ার মধ্যে অবৈধ বিদ্যুৎ চালিত পানি সেচ পাম্প পরিচালনা করে আসছেন।
এঅবস্থায় অভিযোগের ভিত্তিত্তে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর নির্দেশে বিএমডিএ, তানোর জোনের সহকারী প্রকৌশলী ও তানোর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে সেচ পাম্প পরিদর্শন শেষে সন্ধ্যায় ইউএনও’র বাসা-বাড়িতে উপস্থিত হন। এসময় ইউএনও মহোদয় থানা পুলিশ ও উভয়ের কাছে শুনে আলম মৃধাকে পাইপ ড্রেনের কাজ ও সেচ পাম্প বন্ধ রাখার নির্দেশ দেন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে তানোর বিএমডিএ সহকারী প্রকৌশলীকে তদন্ত করে রিপোর্ট দেবার জন্য বলা হয়।
এঅবস্থায় অবৈধ সেচ পাম্পটির বিষয়ে অভিযোগ ও বিভিন্ন জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হলে বিএমডিএ’র হেড অফিস থেকে সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম চলতি বছরের গত ২২ জুলাই সরেজমিন তদন্ত করেন। সঙ্গে ছিলেন বিএমডিএ, তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম এবং এসও শফিকুল হক।
তদন্তে আলম মৃধার সেচ পাম্প অবৈধ। বিএমডিএর কমান্ড এরিয়ার মধ্যে স্থাপন। উপজেলা সেচ কমিটির অনুমোদন নেই। বৈধ কোনো কাগজপত্র ও লাইসেন্স নেই। এই অবৈধ সেচ পাম্প বন্ধের ব্যাপারে হেড অফিসকে জানানো হবে বলে তদন্তের সময় উপস্থিত কৃষকদের জানান তদন্ত কর্মকর্তা সফিকুল ইসলাম। এদিকে, তদন্তের দু’দিন পর গোপনে রাতের আধাঁরে আলম মৃধা পাইপ ড্রেনের কাজ সম্পন্ন করে বিএমডিএ’র কমান্ড এরিয়ার মধ্যে পানি সেচ দিয়ে বিশৃংখলা সৃষ্টি করে চলেছেন।
২০১৫ সালে আলম মৃধা সেচ পাম্পটি ক্রয় করার পর বিএমডিএ’র পাইপ ড্রেন বা আউট লিটার ভেদ করে পাম্প পরিচালনা করে আসছেন। আবার ইদানিং নতুন করে পাম্পটিতে আন্ডার গ্রাউন্ড ড্রেন নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ করেছেন। এক্ষেত্রে তোয়াক্কা করা হয়নি উপজেলা সেচ কমিটির সভাপতি ও সদস্য সচিবের নোটিশ।
এব্যাপারে আলম মৃধা বলছেন, তার ইচ্ছেমত সেচ পাম্প পরিচালনা করবেন। বিএমডিএ অফিস চাইলেই তার সেচ পাম্প বন্ধ রাখা সম্ভব নয় বলে হুংকার দেন।
অপারেটর জানান, বিএমডিএ নলকূপ থেকে বর্তমানে শুধু ৪৫ থেকে ৫০ বিঘা জমিতে সেচ দেয়া যায়। এঅবস্থায় যদি উপজেলা সেচ কমিটি আলম মৃধার সেচ পাম্প বন্ধের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ না নেন অদূর ভবিষ্যতে বিএমডিএর গভীর নলকূপ বন্ধ হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসি বলে জানান কৃষক আলতাব আলীসহ আরো অনেকে।










