রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবিরের স্টিকার ও প্রচারপত্রসহ নাহিদ নামের এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। আটক নাহিদ রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নগরীর ক্যাম্পাস সংলগ্ন কাজলা এলাকার হিলফুল ফুজুল ছাত্রাবাসে থাকতেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা এলাকার ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়েছে ।

মতিহার থানার প্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, নগরীর কাজলা এলাকার ছাত্রাবাসে শিবিরের লিফলেট বিলি করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পরে হিলফুল ফুজুল ছাত্রাবাসের কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ওই শিক্ষার্থী ছাত্রাবাসের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন।
ওসি আরো বলেন, নাহিদের কক্ষে তল্লাশি চালিয়ে শিবিরের প্রচুর সংখ্যক বই-পুস্তক, লিফলেট, স্টিকার পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনি শিবিরকর্মী বলে স্বীকার করেন। তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, শিবিরের কয়েকজন কাজলার বিভিন্ন ছাত্রাবাসে লিফলেট বিতরণ করছে জেনে পুলিশকে জানানো হয় । পরে ছাত্রলীগের নেতাকর্মীরা নাহিদ নামের শিবিরের ওই কর্মীকে পুলিশে সোপর্দ করেন।










