নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে তাবলীগ জামায়াতের তিন দিনের আঞ্চলিক ইজতেমা চলাকালিন সময়ে বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন ৬জন। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত তরা রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরা হলেন, বুকে ব্যাথা নিয়ে চারঘাট মুঙ্গলী এলাকার মৃত শেখের আলীর ছেলে সয়রুদ্দিন (৫৫), দুর্গাপুরের গোপালপুরের গফুরের ছেলে হযতর আলী (৩৫), শারিরিক অসুস্থ বা জ্বর নিয়ে হয়ে ভর্তি হয়েছেন, দুর্গাপুর নদী গ্রামের ওয়াদ আলীর ছেলে সিদ্দিকুর (৫০), তানোর প্রকাশনগরের মৃত নূর মহাম্মদের ছেলে আবদুল খালিদ (৪২) ও পুঠিয়া কাঠালবাড়িয়া এলাকার মসির উদ্দীনের ছেলে মতিউর রহমান (৫৮)। একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ অসুস্থরা রামেকের ৩২, ৭ ও ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মহানগরীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ:) ঈদগাহ ময়দানে তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়।
গতকাল শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাগরিবের নামাজের পর মূল বয়ান শুরু হয়েছে। এ ইজতেমায় রাজশাহীর বিভিন্ন উপজেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমায় বিভিন্ন জেলা থেকে আসা জামায়াতের সংখ্যা প্রায় ২শ’ টি।

এ ইজতেমায় কাকরাইল ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ওলামা কেরাম এবং মুরব্বীরা ইজতেমায় ইসলাম ও কোরআনের আলোকে বয়ান দেবেন।
তাবলীগ ইজতেমার সুরার সদস্য নাসির উদ্দিন বলেন, কয়েকজন অসুস্থ হয়েছে শুনেছি। গতকাল ফজরের আজানের পর থেকেই বয়ান শুরু হয়েছে। তবে মাগরিবের নামাজের পর রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের বক্তারা মূল বয়ান শুরু করেছেন।
এ বছর টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় রাজশাহী জেলার অংশগ্রহণ নেই। যারা কেবল ৪০ দিন কিংবা ১২০ দিনের জামায়াতে রাজশাহীর বাইরে থাকবেন তারাই শুধু অংশ নেবেন। এখানকার ইজতেমায়ও কেবল রাজশাহীর মুসল্লিরা অংশ নিতে পারছেন বলেও তিনি জানান।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূল গেটে চেকপোস্ট বসানো হয়েছে। ঈদগাহ ময়দানে পুলিশ মোতায়েন করাসহ ঈদগাহে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেখানে ছয়টি সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।
আজ শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই তাবলীগ ইজতেমা শেষ হয়।
স/অা










